নিজস্ব সংবাদদাতা :- দ্বিতীয় দফার ভোট গ্রহণে নজরদারি আরও বাড়াল সীমান্তরক্ষী বাহিনী ৷ মঙ্গলবার রাত ১২ টা থেকে বুধবার রাত ১২ টা পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল বন্দরে বাণিজ্যে ও যাত্রী পারাপার পুরোপুরি বন্ধ থাকছে ৷ বন্ধ থাকবে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিও ৷ উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরীসরিয়া সীমান্তরক্ষী বাহিনীকে ভোটগ্রহণের সময় চূড়ান্ত সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। বুধবার সকাল ৭ টা থেকে উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যের ছ’টি জেলায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে ৷ দ্বিতীয় দফাতেও নির্বাচন কমিশন অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ করার ব্যাপারে সক্রিয় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ৷ তার মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে ৷পেট্রাপোল বন্দর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের অশান্তির ঘটনার পর থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে মানুষের যাতায়াত অনেকটাই কমে গিয়েছিল ৷ চিকিৎসার প্রয়োজনে কিছু বাংলাদেশি ভারতে এলেও তার পরিমাণও খুবই কম ছিল। তবে গত কয়েকদিনে বেশ কয়েকজন বাংলাদেশি বাংলায় আসেন চিকিৎসার জন্য। ভোটের জন্য তাঁরাও ফিরে গিয়েছেন বলে খবর। শুধু তাই নয়, এ রাজ্যের যে সমস্ত বাসিন্দারা বাংলাদেশে বিভিন্ন প্রয়োজনে গিয়েছিলেন তাঁরাও ফিরে আসছেন। মঙ্গলবার সকাল থেকেই পেট্রাপোল বন্দরে বন্ধ রয়েছে দোকানপাট, ব্যবসা-বাণিজ্য। বন্ধ রয়েছে মুদ্রা বিনিময় কেন্দ্রগুলিও। শুনশান পেট্রাপলে কার্যত বনধের চেহারা নিয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal