প্রসেনজিৎ ধর :-সকাল সকাল ভোট দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়| মিত্র ইন্সটিটিউটে ভোট দেন তিনি। ভোট দিয়ে বেরিয়েই অভিযোগ আনলেন অবজার্ভার-দের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ধমকানো-চমকানো হচ্ছে।পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সকাল আটটায় মিত্র ইনস্টিটিউটে পৌঁছে যান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। অভিযোগ উঠছে মঙ্গলবার রাতে ভবানীপুরের কাউন্সিলর অসীম বসুর বাড়িতে তাণ্ডব চালায় কেন্দ্রীয় বাহিনী। সে প্রসঙ্গে মুখ খোলেন অভিষেক। বলেন, “কেন্দ্রীয় বাহিনী ধারাবাহিক ভাবে এই কাজ করছে। এটা ওদের এক্তিয়ারের বাইরে। লাগাতার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে চলেছে।” এরপরই আত্মবিশ্বাসী ভঙ্গিতে অভিষেক বলেন, “কোনও লাভ হবে না। প্রথম দফায় বিজেপি কুপোকাত হয়েছে। দ্বিতীয় দফায় দফারফা হবে। বাড়ি বাড়ি গিয়ে রেড করা যায় না এভাবে। যা করছে তাতে মুখ থুবড়ে পড়বে।”অভিষেক বলেন, “আপনারা জানেন, হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সাধারণ মানুষদের ভয় দেখাতে এক্তিয়ার বিরুদ্ধ কাজ করা হচ্ছে। এমনিতেই গায়ের জোরে ৩০ লক্ষের নাম বাদ দিয়েছে। এতে কোনও লাভ হবে না। প্রথম দফায় বিজেপি কুপোকাত হয়ে গিয়েছে। এই দফায় দফারফা হবে।”জয় নিয়ে আত্মবিশ্বাসী অভিষেক। তিনি বলেন, “উত্তর প্রদেশ থেকে এক অফিসার নিয়ে আসা হয়েছে ফুটেজ খেতে। নিজের ফুটেজ বেরিয়ে গিয়েছে। নির্বাচনের রুল বুক মেনে কাজ করছেন না পর্যবেক্ষকরা। এই সব কোনও ট্রিকই কাজ করবে না। ব্যালট খুললে ছবি স্পষ্ট হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস আরও বেশি ভোট ও সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে। “
Hindustan TV Bangla Bengali News Portal