Breaking News

‘ছাব্বিশে ২২৬ পার’, এক্সিট পোল উড়িয়ে প্রত্যাবর্তন-বার্তা মমতার!সমাজমাধ্যমে ভিডিয়ো বার্তায় মুখ খুললেন মমতা

নিজস্ব সংবাদদাতা :-বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা নিয়ে সমাজমাধ্যমে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি, বিজেপি টাকা দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমকে ওই সমীক্ষার ফল দেখাতে বাধ্য করিয়েছে। এ রাজ্যে তৃণমূল ২২৬টির বেশি আসনে জিতবে বলে তিনি নিশ্চিত, জানিয়েছেন মমতা।বৃহস্পতিবার দীর্ঘ ৯ মিনিটের ভিডিও বার্তায় তাঁর সাফ কথা, ”ছাব্বিশে আমরা ২২৬ আসন পাব, সেটা ২৩০-ও হতে পারে।” এবার বঙ্গজয়ের লক্ষে ঝাঁপিয়ে পড়া কেন্দ্রের ক্ষমতাসীন সরকারকেও তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। বুধবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হওয়ার পরেই সন্ধ্যা থেকে বুথফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করে। অধিকাংশ সমীক্ষাতেই ইঙ্গিত, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে। ২৯৪ আসনের রাজ্য বিধানসভায় সরকার গড়ার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। অধিকাংশ বুথফেরত সমীক্ষায় দেখা যায়, বিজেপি ১৫০ পেরিয়ে গিয়েছে। বৃহস্পতিবার সেই সমীক্ষা নিয়েই মুখ খুললেন মমতা। এদিন ভিডিয়ো বার্তায় তিনি রাজ্যের মানুষের উদ্দেশে বলেছেন, ‘‘এত রোদের মধ্যেও, এত অত্যাচার সহ্য করেও আপনারা যে ভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ। আমার কর্মীদের কাছেও আমি কৃতজ্ঞ। ওঁরা প্রাণপণ লড়াই করেছে। অনেক অত্যাচার সহ্য করেছে। যাঁরা বাংলাকে জব্দ করতে চেয়েছিলেন, তাঁরা ভোটবাক্সে জব্দ হয়ে গিয়েছেন।’’ বুথ ফেরত সমীক্ষা নিয়ে এরপর মমতা বলেন, ‘‘আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে, গতকাল বেলা ১টা ৮ মিনিটে বিজেপির অফিস থেকে সেই সার্কুলার জারি করা হয়েছে। টাকা দিয়ে বলা হয়েছে ওটা দেখাতে। জোর করে সংবাদমাধ্যমকে এটা করতে বাধ্য করা হয়েছে। আমরা ২২৬ ক্রস করব। ২৩০-ও পেয়ে যেতে পারি। মানুষ যে ভাবে ভোট দিয়েছেন, আমার পুরো ভরসা রয়েছে।’’
তাঁর অভিযোগ, বিজেপি টাকা দিয়ে, ক্ষমতার চাপ দিয়ে নিজেদের এগিয়ে রাখা এক্সিট পোল তৈরি করেছে। এক্সিট পোলকে বেশি গুরুত্ব নয়, ছাব্বিশে তৃণমূলই ফের সরকার গঠন করবে, এমনই আত্মপ্রত্যয়ের সুর মমতা বন্দ্যোপাধ্যায়।ভোট মেটার ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই একটি বিশেষ ভিডিয়ো বার্তা দিয়ে আত্মবিশ্বাসের সুরে তৃণমূল সুপ্রিমো দাবি করলেন, এবারও রাজ্যে মা-মাটি-মানুষের সরকারই গঠিত হতে চলেছে ৷ দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা— ইভিএম চুরির চক্রান্ত রুখতে দিনরাত এক করে স্ট্রংরুম পাহারা দিতে হবে ৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *