দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোট গণনা কেন্দ্রে নিরাপত্তা বাড়াতে নতুন উদ্যোগ নির্বাচন কমিশনের | QR কোড ভিত্তিক ছবি দেওয়া পরিচয় পত্র চালু করল কমিশন| ২ মে থেকেই এই নতুন ব্যবস্থা কার্যকর হবে বলেই জানিয়েছে কমিশন| ইভিএমের নিরাপত্তায় কড়া ব্যবস্থার কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, মোট তিনটি ধাপে পরিচয়পত্র যাচাই করা হবে। প্রথম ও দ্বিতীয় ধাপে ম্যানুয়ালি চেক করা হবে পরিচয়পত্র। তৃতীয় ধাপে পেরোতে হবে কিউআর কোড ভেরিভিকেশন। শেষ পর্যায়ে আইডি কিউআর কোডে স্ক্যান করার পরই গণনাকেন্দ্রে প্রবেশের ‘গ্রিন সিগন্যাল’ মিলবে।রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, গণনা কর্মী, প্রার্থী, নির্বাচনী এজেন্ট সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন আধিকারিক ও রিটার্নিং অফিসারদের এই ব্যবস্থা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। গণনাকেন্দ্রের প্রবেশ নিয়ন্ত্রণ করতে নির্ধারিত চেকপয়েন্টগুলিতে প্রশিক্ষিত কর্মী মোতায়েন করার নির্দেশও দেওয়া হয়েছে কমিশনের তরফে।
এ বার রাজ্যে ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আগের চেয়ে কমিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
এবার ২৯৪টি আসনের ভোট গোনা হবে ৮৭টি কেন্দ্রে। কোন জেলায় কোথায় কোথায় গণনা চলবে, তার তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোটগণনা হয়েছিল ৯০টি কেন্দ্রে।রাজ্যের ২০২টি স্ট্রংরুমে ইভিএম সংরক্ষিত রয়েছে। স্ট্রংরুমগুলির পাহারায় রয়েছে মোট ৬০৭ সেকশন কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে সবচেয়ে বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানকার ৩৩টি আসনের ভোট গোনা হবে আটটি কেন্দ্র থেকে। তার মধ্যে রয়েছে বারাসত কলেজ, বারাসত পিয়ারিচরণ সরকার হাই স্কুল, বসিরহাট হাই স্কুল, বসিরহাট পলিটেকনিক কলেজ, বিধাননগর কলেজ, বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়, পানিহাটির গুরুনানক কলেজ ক্যাম্পাস এবং ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের ভোট গোনা হবে ১২টি কেন্দ্রে। ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজ, কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়, আলিপুরের হেস্টিংস হাউস কমপ্লেক্সের স্টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন, হেস্টিংস হাউসের সিস্টার নিবেদিতা সরকারি জেনারেল ডিগ্রি কলেজ, মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস স্কুল, ইনস্টিটিউট অফ এডুকেশন ফর উইমেন, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজ, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, ব্রতচারী বৃদ্ধাশ্রম হাই স্কুল, ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজ, যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজ এই তালিকায় আছে।
কলকাতার ১১টি বিধানসভা কেন্দ্রের ভোট গোনা হবে পাঁচটি কেন্দ্রে। বালিগঞ্জ সার্কুলার রোডে বাবা সাহেব অম্বেডকর এডুকেশন বিশ্ববিদ্যালয়, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, শাখাওয়াত মেমোরিয়াল স্কুল, ডায়মন্ড হারবার রোডের সেন্ট থমাস বয়েজ় স্কুলে ভোটগণনা হবে। আলিপুরদুয়ারের পাঁচটি আসনের গণনা হবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে। জলপাইগুড়ির সাতটি আসনের গণনা দু’টি কেন্দ্রে হবে— উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস এবং পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়। কালিম্পঙের একটি আসনের গণনা হবে স্কটিশ উইনিভার্সিটিস মিশন ইনস্টিটিউশন। ঝাড়গ্রামের চারটি আসনের গণনা হবে রানি ইন্দিরা দেবী সরকারি স্কুলে।
এছাড়া, কোচবিহারের ন’টি আসনের গণনা পাঁচটি কেন্দ্রে, দার্জিলিঙের পাঁচটি আসনের গণনা তিনটি কেন্দ্রে, উত্তর দিনাজপুরের ন’টি আসনের গণনা দু’টি কেন্দ্রে, দক্ষিণ দিনাজপুরে ছ’টি আসনের গণনা দু’টি কেন্দ্রে, মালদহের ১২টি আসনের গণনা দু’টি কেন্দ্রে, মুর্শিদাবাদের ২২টি আসনের গণনা ছ’টি কেন্দ্রে, নদিয়ার ১৭টি আসনের গণনা চারটি কেন্দ্রে, হাওড়ার ১৬টি আসনের গণনা চারটি কেন্দ্রে, হুগলির ১৮টি আসনের গণনা ছ’টি কেন্দ্রে, পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনের গণনা চারটি কেন্দ্রে, পশ্চিম মেদিনীপুরের ১৫টি আসনের গণনা চারটি কেন্দ্রে, পুরুলিয়ার ন’টি আসনের গণনা তিনটি কেন্দ্রে, বাঁকুড়ার ১২টি আসনের গণনা তিনটি কেন্দ্রে, পূর্ব বর্ধমানের ১৬টি আসনের গণনা তিনটি কেন্দ্রে, পশ্চিম বর্ধমানের ন’টি আসনের গণনা দু’টি কেন্দ্রে এবং বীরভূমের ১১টি আসনের গণনা তিনটি কেন্দ্রে হবে।
Hindustan TV Bangla Bengali News Portal