প্রসেনজিৎ ধর, কলকাতা :-পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট মিটলেও দক্ষিণ ২৪ পরগনার পরিস্থিতি থমথমে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনটিসহ মোট ৪টি বিধানসভা আসনের ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে । এই পরিস্থিতিতে ইভিএম নিয়ে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখতে এবং পুনর্নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিশেষ পর্যবেক্ষককে মাঠে নামাল কমিশন।মূলত ফলতা, মগড়াহাট এবং সোনারপুর—এই তিনটি বিধানসভা এলাকা থেকে ছাপ্পা ভোট, বুথ দখল এবং এজেন্টদের বের করে দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ জমা পড়েছে। কমিশন এই অভিযোগগুলির সত্যতা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবে।স্ক্রুটিনির সময় যদি দেখা যায় যে কোনও নির্দিষ্ট বুথে নির্বাচনী বিধি লঙ্ঘিত হয়েছে বা ভোটারদের বাধা দেওয়া হয়েছে, তবে আজই সেই সব বুথে রি-পোল বা পুনর্নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশন।সকালেই দিল্লি থেকে ফোন করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এর ফলে রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে যাতে কোনও অভিযোগই এড়িয়ে যাওয়া না হয়।আগামী ৪ মে ভোটগণনা। তার আগে কমিশন এই ৭৭টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় কি না, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। দক্ষিণ ২৪ পরগনার এই বুথগুলোতে ফের ভোট হলে তা নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal