প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবারই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। তার ঠিক আগে, শনিবার ২৯৪ কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের নিয়ে শনিবার প্রায় ঘণ্টা তিনেক ভার্চুয়াল বৈঠক সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তৃণমূল সুপ্রিমো এজেন্টদের বার্তা দিয়েছেন, তৃণমূল দু’শোর বেশি আসনে জিতছে। কোনও কেন্দ্রের জয়ের ব্যবধান কম হলে এজেন্টদের পুনর্গণনার দাবি তুলতে হবে। এছাড়া আরও খবর, ভোটের সময় যে কর্মীরা আক্রান্ত হয়েছেন, তাঁদের পরে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করেছেন দলনেত্রী। তাঁর বার্তা, ৪ মে যতক্ষণ না তিনি নিজে সাংবাদিক বৈঠক করে জয়ের কথা ঘোষণা করছেন, ততক্ষণ কোনও এজেন্ট যেন গণনাকেন্দ্র ছেড়ে না বেরিয়ে আসেন।প্রতিটি গণনাকেন্দ্রেই তৃণমূলের কাউন্টিং এজেন্টদের সজাগ থাকার ব্যাপারে নির্দেশ দেওয়া হয় এ দিনের বৈঠকে। কোনও কেন্দ্রে ২০০ থেকে ৩০০ ব্যবধান কম থাকলে সেই কেন্দ্রে রি-কাউন্টিং করার আবেদন করা হবে বলেও এদিনের বৈঠকে জানিয়ে দেওয়া হয়। তৃণমূল সূত্রে খবর, এদিন বৈঠকে অভিষেক বলেন, ‘আজও দক্ষিণ ২৪ পরগনায় পুনরায় ভোটগ্রহণ করতে হয়েছে। সব ব্যবস্থাপনা সত্ত্বেও শেষে কমিশন পুনরায় ভোটগ্রহণে বাধ্য হলো। বিভিন্ন সংস্থা ও বাহিনী-সহ নিজেদের সর্বশক্তি নিয়োগ করেও তারা (বিজেপি) আবারও পরাজিত হবে। সমস্ত নিয়মকানুন বদলে দেওয়া হয়েছিল। কার্যত, ভোটের ময়দানে লড়াইটা ছিল তৃণমূল বনাম কেন্দ্রীয় বাহিনীর।’ কোনওভাবেই বিজেপি ক্ষমতায় আসছে না বলে এ দিন বৈঠকে জানান অভিষেক। তাঁর দাবি, গণমাধ্যমে যে সব বুথ ফেরত সমীক্ষা দেখানো হচ্ছে— সেটা দেখে বিজেপিও বিশ্বাস করছে না যে, তারাই সরকার গঠন করতে যাচ্ছে। বাস্তবতা সম্পর্কে তারা পুরোপুরি অবগত। আমি বলছি নোট করে নিন— ২০২১ সালের তুলনায় তৃণমূল কংগ্রেস এবার আরও বেশি আসন পাবে।সূত্রের খবর, কাউন্টিং এজেন্টদের অভয়বাণী দিয়ে মমতার বার্তা, ‘‘আপনারা জিতবেন। চিন্তা করবেন না। ১০০০ বা ২০০-৩০০ ভোটে কোথাও জিতলে পুনর্গণনা চাইবেন। ভোর ৫টার মধ্যে গণনাকেন্দ্রে পৌঁছে যাবেন। সঙ্গে ডায়েরি রাখবেন, ইভিএম খোলার সঙ্গে সঙ্গে নোট করবেন। আর দুর্বল হলে তৃণমূল করার দরকার নেই।” ওইদিন কর্মীদের ডায়েট নিয়েও সতর্কবার্তা দিয়েছেন নেত্রী। তাঁর কথায়, ‘‘কাউন্টিং এজেন্টরা হালকা খাবার খাবেন। বাইরের জল নেবেন না, বাড়ির জল নেবেন। পান, বিড়ি, সিগারেট ওইদিন বা আগেরদিন কেউ নেবেন না। কাউন্টিং সেন্টারে চা খেতে না দিলে ওদেরই ব্যবস্থা করতে বলবেন।”
Hindustan TV Bangla Bengali News Portal