নিজস্ব সংবাদদাতা :- সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে বিতর্কিত ছবি পোস্ট করার অভিযোগে কলকাতা পুলিশের পক্ষ থেকে সাসপেন্ড করা হল কালীঘাট থানার ওসি গৌতম দাসকে। তাঁর করা ওই পোস্টে ক্যাপশন দেওয়া ছিল, ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত’।সম্প্রতি কালীঘাট থানার ওসি গৌতম দাস নিজের ফেসবুক ও হোয়াটসঅ্যাপে নিজের একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে তাঁকে একটি আগ্নেয়াস্ত্র হাতে নিজের চেয়ারে বসে থাকতে দেখা যায়। ছবির নীচে লেখা ছিল, ‘রেডি ফর নিউ অ্যাসাইনমেন্ট’ বা ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত’। এই পোস্টটি নিয়ে রাজ্য রাজনীতিতে প্রবল বিতর্ক শুরু হয়। শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের কাছেও এই বিষয়ে নালিশ জানানো হয়।তদন্ত ও বিতর্কের মাঝে গৌতম দাসকে তাঁর পদ থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। তাঁর জায়গায় কালীঘাট থানার নতুন ওসি হিসেবে চামেলি মুখোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে। প্রসঙ্গত, দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে নির্বাচন কমিশনের রদবদলের পর স্পেশ্যাল ব্রাঞ্চ থেকে গৌতম দাসকে কালীঘাট থানার ওসি করে আনা হয়েছিল। কিন্তু সমাজমাধ্যমে করা এই বিতর্কিত পোস্টের জেরে শেষ পর্যন্ত তাঁকে সাসপেন্ড হতে হল |তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এক্স হ্যান্ডলে ছবিটি শেয়ার করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন তিনি।জয়প্রকাশের পোস্ট করা ছবিতে দেখা যায়, গৌতম দাস পুলিশের উর্দি পরে চেয়ারে বসে আছেন। তাক করে আছেন অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। আর সেই ছবির ক্যাপশনে লেখা, ‘নতুন অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত’।ছবিটি পোস্ট করে জয়প্রকাশ মজুমদার লিখেছিলেন— ‘শুধু উদ্বেগজনকই নয়, আইনগত দৃষ্টিতেও অত্যন্ত আপত্তিকর এই ছবি। এখানে দেখা যাচ্ছে, ওসি হাতে একটি অত্যাধুনিক অস্ত্র নিয়ে সামনে কারও দিকে তাক করে রয়েছেন, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।’দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান জয়প্রকাশ। কলকাতার নগরপাল অজয় নন্দাকেও জানানো হয়। ভোটের গণনার আর একদিন বাকি। এরই মধ্যে সরিয়ে দেওয়া হলো ওসি গৌতম দাসকে। কালীঘাট থানার দায়িত্বে এলেন নতুন ওসি।
Hindustan TV Bangla Bengali News Portal