দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন রণকৌশল সাজাতে শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় |সেই বৈঠকেই এক সময়ের দাপুটে আইপিএস অফিসার তথা বর্তমান তৃণমূল সাংসদ রাজীব কুমারকে বড় দায়িত্ব দিল দল। সোমবার ভোটগণনার দিন রাজীব কুমারকে দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, কেবল রাজীব কুমারই নন, রাজ্যজুড়ে প্রতিটি সাংগঠনিক জেলায় বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছেন মমতা-অভিষেক। ঘাটাল সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে অভিনেতা-সাংসদ দীপক অধিকারীকে (দেব) এবং মেদিনীপুর সাংগঠনিক জেলার পর্যবেক্ষক করা হয়েছে জুন মালিয়াকে। গত লোকসভা নির্বাচনেও নির্দিষ্ট কিছু আসনে এভাবেই অভিজ্ঞ নেতাদের পর্যবেক্ষক হিসেবে পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই একই মডেল এবার বিধানসভা নির্বাচনেও প্রয়োগ করা হচ্ছে।শনিবারের বৈঠক ছিল মূলত গণনার দিন তৃণমূলের রণকৌশল ঠিক কী হবে, তা দলের কাউন্টিং এজেন্টদের মধ্যে পৌঁছে দেওয়া। শুধু তা-ই নয়, বুথফেরত সমীক্ষা যেন কোনও ভাবেই কাউন্টিং এজেন্টদের মনোবল ভেঙে দিতে না-পারে, তার বার্তা দেওয়া। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে মমতা-অভিষেক দলীয় কর্মীদের উদ্দেশে জানান, শেয়ার মার্কেটকে চাঙ্গা করতেই বুথফেরত সমীক্ষাগুলিতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। তাঁরা এ-ও জানান যে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা ভোটেও একই পন্থা নেওয়া হয়েছিল।গত ৩১ জানুয়ারি রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজির পদ থেকে অবসর নেন রাজীব। তার প্রায় এক মাস পরে, ২৭ ফেব্রুয়ারি তৃণমূল ঘোষণা করে, প্রাক্তন ডিজি রাজীবকে তারা রাজ্যসভায় পাঠাচ্ছে। এর পরে চলতি মাসেরই ৭ তারিখ রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেন রাজ্যের প্রাক্তন পুলিশপ্রধান। এ বার তিনি দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষক। এটাই প্রথম তৃণমূলের কোনও সাংগঠনিক দায়িত্ব পালন করতে চলেছেন রাজীব।
Hindustan TV Bangla Bengali News Portal