দেবরীনা মণ্ডল সাহা :-পশ্চিমবঙ্গে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী হবেন কে? নাম চূড়ান্ত করতে রাজ্যের হবু বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে তাঁকে। এই কাজের জন্য সহকারী পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে পড়শি রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে।এই দুই নেতাই মূলত পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়াটি তদারকি করবেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনার মাঝেই এই পদক্ষেপ যে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার পদ্ম শিবিরের উপরতলার নেতারা এক্ষেত্রে কোন নামে সিলমোহর দেন। যে কোনও রাজ্যে নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা বাছার সময় সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান বিজেপি নেতৃত্ব। তাঁরা দলের নবনির্বাচিত প্রার্থী বা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হয়ে যায়। এ বার বিধানসভার অন্দরে বিজেপির ভূমিকা বদলাতে চলেছে। বিরোধী ভূমিকার বদলে বিজেপি এখন বিধানসভায় সরকার পক্ষের ভূমিকায় থাকবে। সে ক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা। অর্থাৎ, এ বারের বৈঠকে শুধু পরিষদীয় দলনেতা নন, একই সঙ্গে স্থির হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নামও।বাংলা তো বটেই বাংলার ভোটের ফল নিয়ে চর্চা চলছে গোটা দেশজুড়েই। বিজেপির খাতায় এসেছে ২০৭ আসন, তৃণমূলের খাতায় এসেছে ৮০ আসন, কংগ্রেসের খাতায় এসেছে ২ আসন, হুমায়ুনের আম-জনতা উন্নয়ন পার্টির খাতায় এসেছে ২ আসন। পাশাপাশি সিপিএম ও আইএসএফের খাতায় এসেছে ১টি করে আসন।
Hindustan TV Bangla Bengali News Portal