প্রসেনজিৎ ধর, কলকাতা :- বাংলায় বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরেই নবান্নে বিরল ছবির দেখা মিলল । নবান্নে সরকারি কর্মচারীদের মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগান। প্রতিটি ফ্লোর থেকেই সরকারি কর্মচারীদের বেরিয়ে জয় শ্রীরাম স্লোগান। গেরুয়া আবিরে সরকারি কর্মচারীদের বরণ। প্রতিটি ফ্লোরেই সরকারি কর্মচারীদের বাইরে বেরিয়ে স্লোগান দিতে দেখা যায়।মহিলা থেকে পুরুষ, নবান্নের সরকারি কর্মীদের একাংশ আবির খেললেন। কর্মীদের দাবি, ‘‘আগে ভয়ে ভয়ে কাজ করতাম। এখন তা থেকে মুক্তি পাওয়া গেল।’’‘জয় শ্রীরাম’ স্লোগানের সঙ্গে উড়ল গেরুয়া পতাকাও। সরকারি কর্মীদের একাংশের হাততালিতে মুখরিত হল গোটা নবান্ন। কর্মীদের দাবি, তাঁরা অনেক বঞ্চনার শিকার হয়েছেন। নতুন সরকারের কাছে তাঁরা অনেক আশা রাখছেন। মহার্ঘ ভাতার (ডিএ) প্রসঙ্গও উঠে আসে কর্মীদের কথায়।বিজেপি ২০৭টি আসন পেয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে। সেখানে তৃণমূল পেয়েছে ৮০টি। গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে ঘাসফুল। উত্তর থেকে দক্ষিণ– সর্বত্র বিজেপির জয়জয়কার। এ বার তৃণমূলের হাত থেকে তাদের শক্ত ঘাঁটিগুলির অনেকেই ছিনিয়ে নিয়েছে তারা।প্রসঙ্গত, সোমবার বিজেপির ফল স্পষ্ট হতেই বেশ কিছু উৎসাহী কর্মী-সমর্থক নবান্নের সামনে গিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। বিজেপির পতাকা ওড়ান। আবিরও খেলা হয়। নবান্নের বাইরে দাঁড়িয়ে স্লোগান তোলেন তাঁরা। পদ্মশিবির জিততেই এবার সেই স্লোগান নবান্নের অন্দরেও শোনা গেল।
Hindustan TV Bangla Bengali News Portal