Breaking News

দলবিরোধী মন্তব্যের খেসারত!কোহিনুর-ঋজু-কার্তিক সাসপেন্ড,কড়া পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- দলীয় শৃঙ্খলাভঙ্গ করায় কোহিনুর মজুমদার, ঋজু দত্ত এবং কার্তিক ঘোষকে ছয় বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে ২০৭টি আসন নিয়ে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই তৃণমূলের অন্দরে বেসুরো সুর শোনা গিয়েছে একাধিক নেতা নেত্রীর মুখে। এবার সেই ক্ষোভ নিয়েই কড়া পথে হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।শনিবার তৃণমূল সূত্রে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে নির্বাচনী ফল প্রকাশের পর দলের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করার অভিযোগে মোট পাঁচ মুখপাত্রকে শো-কজ করেছিল দল। তাঁদের মধ্যে ছিলেন ঋজু দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষ।
দলের শৃঙ্খলারক্ষাকারী কমিটির অন্যতম সদস্য ডেরেক ও’ব্রায়েন তাঁদের কাছে নোটিস পাঠিয়ে জানতে চেয়েছিলেন, কেন তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। ২৪ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।তৃণমূল সূত্রের দাবি, নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর থেকেই এই মুখপাত্রদের একাংশ প্রকাশ্যে দলের কৌশল, নেতৃত্ব এবং রণনীতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে তাঁরা দাবি করেছিলেন, নেতৃত্বের ভুল সিদ্ধান্ত ও রাজনৈতিক কৌশলের কারণেই দলের এই ভরাডুবি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনী পরাজয়ের পর তৃণমূলের অন্দরে যে চাপা ক্ষোভ তৈরি হয়েছে, এই সাসপেনশনের ঘটনায় তা আরও স্পষ্ট হল। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে নেতৃত্ব যে আপসহীন অবস্থান নিতে চাইছে, সেই বার্তাও দেওয়া হল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। এদিকে, বাকি দুই মুখপাত্রের বিরুদ্ধে ভবিষ্যতে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *