দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন শুভেন্দু। আর এরপরেই পুলিশ এবং সরকারি আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন তিনি।মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার প্রথম বার নবান্নে যাবেন শুভেন্দু অধিকারী। বেলা ১২টা নাগাদ নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠক করার কথা তাঁর। সেই বৈঠককে কেন্দ্র করে নবান্নের নিরাপত্তা জোরদার করতে তৎপর হাওড়া এবং কলকাতা পুলিশ। শুধু সভাঘরে নয়, নবান্নের নিরাপত্তাও খতিয়ে দেখা হচ্ছে।রবিবার বেলা গড়াতেই কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার অখিলেশ চতুর্বেদী পৌঁছে যান নবান্নে। সঙ্গে ছিলেন পুলিশের বেশ কয়েক জন উচ্চ আধিকারিকও। প্রথমেই দুই সিপি-র নেতৃত্বে নবান্ন চত্বর খতিয়ে দেখে পুলিশ। কোথায় কী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হয়। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর নিরাপত্তা কী রকম থাকবে, যেখানে তিনি বৈঠক করবেন সেই সভাঘরের নিরাপত্তা কেমন, তা সরেজমিনে খতিয়ে দেখে পুলিশ। তার পরে নবান্নের সভাঘরে অজয় এবং অখিলেশ নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকও সারেন।শনিবার ব্রিগেড ময়দানে শুভেন্দু অধিকারীর শপথের পরই সেই মঞ্চে শপথ নিয়েছেন আরও পাঁচজন মন্ত্রী। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তবে তাঁরা কোন কোন দপ্তরের দায়িত্ব সামলাবেন তা জানা যায়নি। বাকি মন্ত্রীদেরও শপথ গ্রহণ বাকি। আগামী বুধ ও বৃহস্পতিবার সেই শপথ হবে। তার আগে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। আগামিকাল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের দিকে তাকিয়ে রাজ্যবাসী। তিনি কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে সকলে।
Hindustan TV Bangla Bengali News Portal