প্রসেনজিৎ ধর, কলকাতা :- সরকারের কাজে হস্তক্ষেপ করবে না দল। এই মর্মে স্পষ্ট বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার সকালে সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে যাওয়ার আগে শমীকের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে তাঁরা দু’জন একই গাড়িতে বিজেপি কার্যালয়ে যান। বিজেপি কার্যালয়ে বৈঠকের পর নবান্নের উদ্দেশে রওনা দেন শুভেন্দু।এদিন সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সকাল সাড়ে নটা নাগাদ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়ি যান। ফুল মালায় তাঁকে স্বাগত জানান স্থানীয়রা। এরপর শমীককে সঙ্গে নিয়ে একই গাড়িতে রাজ্য বিজেপি কার্যালয়ে যান শুভেন্দু। তাঁকে স্বাগত জানাতে সেজে ওঠে সল্টলেকের দলীয় কার্যালয়। ফুল, বরণডালায় রাজ্য বিজেপি দপ্তরে তাঁকে বরণ করে নেওয়া হয়। ২০৭টি পদ্মের মালায় তাঁকে বরণ করা হয়। কুলো হাতে শুভেন্দুকে অভ্যর্থনা জানান মহিলারা। এখানে একপ্রস্থ সাংগঠনিক বৈঠক সারেন শুভেন্দু।এরপর সোজা নবান্নে পৌঁছন নতুন মুখ্যমন্ত্রী। সেখানে ‘গার্ড অব অনার’ দেওয়া হয় তাঁকে। এরপর ১৪ তলায় নিজের দফতরে পৌঁছন নতুন মুখ্যমন্ত্রী। নবান্নে পৌঁছে যান নবনির্বাচিত ৫ মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনীয়া এবং নিশীথ প্রামাণিক। শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর সল্টলেকের বিজেপি দফতরে শমীক বলেন, “সরকার সরকারের মতো চলবে। আর দল দলের মতো। এটি কোনও বিজেপি সরকার নয়। এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।” আয়ুষ্মান ভারত, মহিলা ও বেকার ভাতার মতো প্রতিশ্রুতিগুলি কী ভাবে দ্রুত কার্যকর করা যায়, সেই বিষয়ে সরকারের সঙ্গে দল সহযোগিতা করবে বলে জানান তিনি।সোমবার রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরে পক্ষপাতহীন ভাবে, সকলকে সঙ্গে নিয়ে সরকার চালানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দুও। সংবিধানপ্রণেতা বাবাসাহেব অম্বেডকরের ‘ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল’-এর আদর্শ অনুসরণ করে চলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। বলেন, “নতুন সরকার মানুষের আস্থা, নিরাপত্তা এবং উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।”
Hindustan TV Bangla Bengali News Portal