দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সোমবার নবান্নে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়েছে। এই বৈঠকে ছয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারত-সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। আগামী সোমবার নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক হবে। ওই দিন ডিএ, সপ্তম পে কমিশন-সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও ওই বৈঠকেই আর জি কর-সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেও সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কী কী সিদ্ধান্ত নেওয়া হলো?
*৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব গ্রহণ*
শুভেন্দু বলেন, “অকালে ঝরে যাওয়া ৩২১ জন, যাঁরা আত্মবলিদান করেছেন, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাঁদের পরিবারের প্রতি সরকার দায়বদ্ধ। তাঁদের হত্যার বিচার আমরা দেব, পরিবারগুলোর সামাজিক দায়িত্ব সরকারের।”
*সীমান্তে বিএসএফ-কে জমি হস্তান্তর*
শুভেন্দুর কথায়, “বাংলার সুরক্ষার প্রশ্নে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর, BSF-এর সীমান্ত সুরক্ষিত করার জন্য ‘ল্যান্ড ট্রান্সফার প্রসেসে’ অনুমোদন দেওয়া হল। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব ও মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে BSF-এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে।”
*আয়ুষ্মান ভারত*
মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, “আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। সংশ্লিষ্ট দফতর অর্থাৎ কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রয়োজনীয় চুক্তি ও অন্যান্য বিষয়গুলো স্বাস্থ্যসচিব, মুখ্যমন্ত্রী দফতরের উপদেষ্টা ও মুখ্যসচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করা হবে।”
*কেন্দ্রের MSME দফতরে আবেদন ফরোয়ার্ড করার প্রক্রিয়া* মুখ্যমন্ত্রী জানালেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, প্রধানমন্ত্রী স্কুল ফর রাইসিং ইন্ডিয়া, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজলা যোজনা ৩.০ ও অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পে যারা আবেদন করেছিলেন, ৮ লক্ষ ৬৫ হাজার আবেদন কেন্দ্রের MSME দফতরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
*BNS অনুযায়ী কাজ*
শুভেন্দু বলেন, “বাংলায় ন্যাশনাল ক্যাডার IAS, IPS, WBCS, WBPS তাঁরা কেউই কেন্দ্রীয় সরকারের ট্রেনিংয়ে যুক্ত হতেন না। এ বিষয়ে মুখ্যসচিবকে অন্য রাজ্যের নিয়ম অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।”
মুখ্যমন্ত্রীর অভিযোগ, আগের সরকার এখানে BNS কার্যকর করেনি। আজ থেকে বাংলায় BNS মেনে সংবিধান অনুযায়ী কাজ হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
*চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি* ২০১৫ সালের পর বাংলায় কোনও নিয়োগ হয়নি। সরকারি চাকরিতে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হল।
আরজি কর, সন্দেশখালির তদন্ত প্রসঙ্গে, সপ্তম পে কমিশন ও ডিএ নিয়ে আগামী ক্যাবিনেট বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
লক্ষ্মীর ভান্ডারের মতো জনকল্যাণ, সেবামূলক সমস্ত প্রকল্পই চলবে, তবে তা স্বচ্ছ ভাবে, সেটাও পরিষ্কার করে দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দু ছাড়াও বিজেপি সরকারের পাঁচ মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া ও নিশীথ প্রামাণিক উপস্থিত ছিলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রিসভার ছয় সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। প্রথম বৈঠকে সেই প্রতিশ্রুতির মধ্যে কয়েকটি পূরণ করার সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় বৈঠকে নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ ভাষা-সহ আরও বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শুভেন্দু। তিনি জানান, প্রথম বৈঠকেই এই সব সিদ্ধান্ত নেওয়া হয়নি কারণ, সরকার গঠনের পরে খুব বেশি সময় পাওয়া যায়নি। আপাতত যে কাগজগুলি তৈরি ছিল সেই বিষয়েই প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal