প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সোমবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ এবং রাজ্যের সব দপ্তরের সচিব ও প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন মনোজ কুমার আগরওয়ালও, তিনি এখন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে রয়েছেন। এই বৈঠকে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন তিনি। প্রশাসনের আধিকারিকদের তাঁর স্পষ্ট নির্দেশ, ‘আমার হ্যাঁ তে হ্যাঁ মেলাবেন না।’ যেখানে যেমন প্রয়োজন, তেমন ভাবে মতামত জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। শুভেন্দু বলেছেন, ‘কোনও অনুপ্রেরণা নয় নিজেদের মতামত সরাসরি বলুন। এ বার সরকার হবে ফর দ্য পিপল।’ অযথা সরকারি টাকার অপচয় না করার নির্দেশ দিয়েছেন তিনি।
ওই বৈঠকে যে ১০টি বিষয় মুখ্যমন্ত্রী তাঁর সচিবদের পরিষ্কার করে জানিয়েছেন তা হল—
১) একটা গ্রুপ (সম্ভবত হোয়াটস অ্যাপ গ্রুপ বা ই-মেল গ্রুপ) তৈরি করবেন, মুখ্য সচিব-সহ সব দফতরের সচিবরা সেখানে থাকবেন। মুখ্যমন্ত্রীও থাকবেন।
২) সরকারি অনুষ্ঠানে মিডিয়ার সামনে অফিসারদের বকাবকি করা, নাম ধরে তুমি করে ডাকার সংস্কৃতিতে আমি বিশ্বাসী নই। অফিসারদের প্রাপ্য মর্যাদা দিয়ে সরকার চলবে। আবার সব আমলার দায়বদ্ধতাও সুনিশ্চিত থাকবে। কেউ ভুল করলে তাঁর কাছে কৈফিয়ত চাওয়া হবে বা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
৩) গত পনেরো বছরে আপনাদের মধ্যে অনেকেই অনেক ভুল করেছেন। এটা ঠিক, কিছু ক্ষেত্রে করণীয় কিছু ছিল না। যিনি দায়িত্বে ছিলেন তিনিই এই সব কিছু করিয়েছেন। কিন্তু আপনাদেরও কখনও কখনও অন্যায় দেখলে ‘না’ বলা উচিত ছিল।
৪) প্রথম দিনই স্পষ্ট করে বলছি, কিছু বলার থাকলে আমাকে সরাসরি বলবেন। কোনও পরামর্শ থাকলে নির্ভয়ে দেবেন। আমি শুনব। কারও কোনও সমস্যা হলে আমাকে বলবেন। ইতস্তত করবেন না।
৫) আমাকে খুশি করতে কথায় কথায় ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা’ শব্দটি ব্যবহারের প্রয়োজন নেই। মানুষকে পরিষেবা ও সুরক্ষা দিতে কাজ হবে, আমার অনুপ্রেরণায় নয়।
৬) অর্থের অপচয় যেন না হয়। যেখানে কাজ করার দরকার কাজ করুন, খরচ করুন, তাতে বাধা নেই।
৭) মুখ্য সচিবকেও আপনাদের সুবিধা অসুবিধার কথা জানাতে পারেন। আমি তো আছিই।
৮) কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো বন্ধ ছিল। দ্রুত শুরু করতে পারেন। সেন্ট্রাল ফান্ড যাতে তাড়াতাড়ি রিলিজ হয় সেটাও আমরা দেখব। এখন কথা কম কাজ বেশি।
৯) আমাদের সংকল্প পত্রে যা যা বলা হয়েছে সেগুলির এক এক করে বাস্তবায়ন করতেই হবে। মনে রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই কথাই বলেছেন।
১০) অযথা ভয় না পেয়ে কুণ্ঠিত না থেকে কাজ করে যান। যাঁরা কাজ করবেন আমি তাঁদের সঙ্গে সর্বদা রয়েছি।
Hindustan TV Bangla Bengali News Portal