নিজস্ব সংবাদদাতা :-সুজিত বসুকে ১০ দিনের ইডি হেফাজত দিল আদালত। আগামী ২১ মে পর্যন্ত ইডি হেফাজতে থাকতে হবে প্রাক্তন দমকল মন্ত্রীকে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে ‘মানি লন্ডারিং’ বা কালো টাকা সাদা করার গুরুতর অভিযোগ এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে সুজিতকে পেশ করে ১০ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান তদন্তকারীরা।আদালতে সওয়াল-পালটা সওয়াল চলে। এরপর বিচারক সুজিতকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী ১০ দিন সিজিও কমপ্লেক্সই তাঁর ঠিকানা বলে খবর। এদিন আদালতে সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে ইডি। তদন্তে অসহযোগিতার পাশাপাশি তাঁদের তরফে দাবি করা হয়, পুর নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের কাছে থেকে যেসব ডিজিটাল তথ্য পাওয়া গিয়েছে তা অনুযায়ী সুজিত বোস একাধিক চাকরিপ্রার্থীর নাম সুপারিশ করেছেন। উঠে এসেছে নিতাই দত্তের নামও। সুজিত বোস এবং পরিবারের ব্যঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে কোটি কোটি টাকা ডিপোজিটের হিসাব পেয়েছে ইডি। সুজিত বসুর একটি রেস্তোরাঁ রয়েছে, যা করোনাকালে বন্ধ ছিল। তা সত্ত্বেও আয় হয়েছে কোটি কোটি টাকা | ইডির আইনজীবী এদিন আদালতে জানান, “সুজিত প্রভাবশালী ছিলেন। এখন উনি ছাড়া পেলে তদন্ত প্রভাবিত করতে পারেন। সাক্ষ্যপ্রমাণ নষ্ট করতেও পারেন। তাই তাঁকে হেফাজাতে চায় ইডি।” এদিকে প্রাক্তন মন্ত্রীর আইনজীবী প্রশ্ন তোলেন, যে নথির উপর ভিত্তি করে সুজিতকে গ্রেফতার করা হয়েছে তা ২০২২-২৩-২৪ সালের মধ্যে পাওয়া গিয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal