দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিধানসভার প্রোটেম স্পিকার পদে শপথ নিলেন তাপস রায়। মঙ্গলবার পশ্চিমবঙ্গের লোক ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। বুধ এবং বৃহস্পতিবার রাজ্যের অন্য বিধায়কদের শপথগ্রহণ হবে। তারপরে ১৫ মে, শুক্রবার স্পিকার নির্বাচন। সূত্রের খবর, তাপসকেই বিধানসভার অধ্যক্ষ পদের জন্য মনোনীত করা হতে পারে।এ দিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন সকালেই তিনি গুয়াহাটিতে হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখান থেকে কলকাতা বিমানবন্দরে নেমেই তিনি সরাসরি চলে আসেন লোকভবনে। অনুষ্ঠানে নবনিযুক্ত কয়েকজন মন্ত্রী এবং জয়ী প্রার্থীরাও হাজির ছিলেন। গেরুয়া সাজে বিধানসভা
ক্ষমতার পরিবর্তনের ছাপ এদিন স্পষ্ট ফুটে উঠেছে বিধানসভা চত্বরেও। মঙ্গলবার সন্ধ্যা হতেই পুরো বিধানসভা ভবন চত্বর গেরুয়া আলোয় ভাসতে দেখা যায়। শুধু মূল ভবনই নয়, লোকভবনের বাইরের নিরাপত্তা বেষ্টনী বা গার্ডরেলেও লেগেছে গেরুয়া রঙের ছোঁয়া।রাজ্যে ২৯৪টি বিধানসভা আসন থাকলেও ফলতায় নতুন করে নির্বাচন হচ্ছে। তা ছাড়া শুভেন্দু অধিকারী এবং আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর দু’টি আসন থেকে জিতেছেন। ফলে বুধ এবং বৃহস্পতিবার মোট ২৯০ জন বিধায়ক শপথগ্রহণ করবেন। তাঁদের শপথবাক্য পাঠ করাবেন তাপস। শপথগ্রহণ পর্ব মিটতেই স্পিকার নির্বাচন। স্পিকার বাছাই প্রক্রিয়া শেষ হলে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম আসন থেকে পদত্যাগ করতে পারেন বলে সূত্রের খবর। বুধবার প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং অন্য মন্ত্রীদের বিধায়কপদে শপথ হবে। উত্তরবঙ্গের জেলাগুলি এবং মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও শপথ নেবেন প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে নদিয়া এবং দুই ২৪ পরগনার জয়ী প্রার্থীরা বিধায়কপদে শপথ নেবেন। এর পরে বৃহস্পতিবার প্রধমার্ধে শপথবাক্য পাঠ করবেন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীরা। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী প্রার্থীদের শপথগ্রহণ হবে বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে।
Hindustan TV Bangla Bengali News Portal