Breaking News

দাপুটে মাওবাদী নেত্রীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা!আত্মসমর্পণ হুগলির এক মাওবাদীরও

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্যে মাওবাদী দমনে বড়সড় সাফল্যের মুখ দেখল কলকাতা পুলিশ| উত্তর কাশিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বিজেবিভিআরসি-র রিজিওনাল কমিটির দাপুটে সদস্য শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে। ঝাড়খণ্ড পুলিশের খাতায় দীর্ঘদিনের ‘মোস্ট ওয়ান্টেড’ এই নেত্রীর মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা। বেলার গ্রেফতারির পাশাপাশি এদিনই কলকাতা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন আর এক শীর্ষ মাওবাদী নেতা মাধাই পাত্র।আজ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন জয়েন্ট সিপি STF ভি সলোমান,অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং। সেখানে হাজির করানো হয় মাধাই বাবুকে। তিনি সাংবাদিকদের সামনে বলেন, “আমি পার্টিতে যুক্ত হয়েছিলাম, তখন পার্টির রীতি-নীতি সবই ভাল ছিল। পরে দলের পরিবর্তন হয়েছে, সমাজের পরিবর্তন হয়েছে। আমি সেই সব বিচার করে সমাজের মূল ধারায় ফিরে আসার চিন্তাভাবনা করেছি। আমি বলেই এসেছি যে আমি আত্মসমর্পণ করে কাজ করব। আমি এতদিন বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে শেষমেশ সারেন্ডায় ছিলাম। ওইখানে থেকে আমার শারীরিক অবস্থার অবনতি হতেই আমি চলে ফিরে এসেছি।”মাধাই জঙ্গিপাড়া হুগলির বাসিন্দা। ২০০৭ সালে এ রাজ্যে গ্রেফতার হয় পুলিশের হাতে। জামিন পেয়ে ঝাড়খণ্ড গিয়ে বিভিন্ন জায়গায় কাজ করেছেন। তবে এখন মূল স্রোতে ফিরে আসতে চাইছেন তিনি।ধৃত শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে জেরা করে ঝাড়খণ্ড ও বাংলা সীমান্তে মাওবাদীদের বর্তমান নেটওয়ার্ক এবং গতিবিধি জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঝাড়খণ্ড পুলিশের একটি বিশেষ দলও খুব শীঘ্রই কলকাতায় আসছে। বেলার গ্রেফতারি এবং মাধাইয়ের আত্মসমর্পণ— এই জোড়া ঘটনায় মাওবাদী সংগঠনগুলি বড়সড় ধাক্কা খেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *