প্রসেনজিৎ ধর, কলকাতা :- মাছে-ভাতে বাঙালি। বিধানসভায় বিধায়কদের শপথের দিনই স্পষ্ট বার্তা দিলেন প্রোটেম স্পিকার তাপস রায়। বুধবার বিধায়কদের শপথ অনুষ্ঠানের মাঝে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। সব বিধায়ককে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়ে তাপস রায় বলেন, “সবার জন্য মাছ-ভাতের ব্যবস্থা করা হয়েছে।” বিজেপি বিধায়করাও দুপুরে সেই মাছ-ভাত খেয়ে তৃণমূলের নাম না করে বুঝিয়ে দিলেন, বাঙালির প্রিয় মাছ বিজেপি কেড়ে নেবে না।কিন্তু তৃণমূলের সেই দাবি যে একেবারেই মিথ্যা, তা প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠে বিজেপিও। ভোটের সময় তাই বিজেপি প্রার্থীদের অনেককেই মাছ নিয়ে প্রচার করতে দেখা গিয়েছে। আর তার মাধ্যমেই বার্তা দেওয়া হয় যে, বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা মোটেই ঠিক নয়। বিজেপি বাঙালিবিরোধী নয়। বাংলার সংস্কৃতিবিরোধী নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভোটের প্রচারে এসে মাছের প্রসঙ্গ তুলেছিলেন। বিজেপির বিরুদ্ধে পূর্বতন শাসকদল যে মাছবিরোধী তকমা জুড়ে দিয়েছিল, ক্ষমতায় আসার পরে সেই মাছ-ভাতের আয়োজন করেই বিজেপি বুঝিয়ে দিতে চেয়েছে যে, তারা কখনওই মাছ-ভাতের বিরোধী নয়। সেই মাছ-ভাত এবং বাঙালিয়ানা পৌঁছে গেল বিধানসভাতেও|আজ বিধানসভায় শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ ১৫২ জন বিধায়ক। আজ বিধানসভায় বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর পর দুপুরের খাবারের কথাও ঘোষণা করেন প্রোটেম স্পিকার তাপস রায়। বিধানসভার কক্ষে তিনি জানান, ‘আজ সব সদস্যের জন্য লাঞ্চের ব্যবস্থা আছে মাছ ভাত।’ জানা গিয়েছে, তাপস রায়ের এই ঘোষণার পরেই চওড়া হাসি দেখা যায় শুভেন্দু সহ শাসকদলের বিধায়কদের মুখে।
Hindustan TV Bangla Bengali News Portal