Breaking News

প্রোমোটারকে হেনস্থা-তোলাবাজির অভিযোগ, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী!

প্রসেনজিৎ ধর,কলকাতা :- একাধিক অপরাধমূলক কাজের অভিযোগে অবশেষে গ্রেফতার বাগুইআটির তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু। শুক্রবার তাঁকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। বছর দুই আগে সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে প্রোমোটারকে মারধরের অভিযোগ ওঠে। তাতে মামলাও দায়ের হয়। তখন তিনি ফেরার থাকায় গ্রেপ্তার করা যায়নি। পরে কাউন্সিলর থানায় আত্মসমর্পণ করে আগাম জামিন নেন। কিন্তু তারপরও তাঁর দৌরাত্ম্য কমেনি বলে অভিযোগ ছিল এলাকাবাসীর। এরপর দিনকয়েক আগেও তোলাবাজির মতো গুরুতর অভিযোগ ওঠায় এফআইআর দায়ের হয়। এরপরই পুলিশ ‘অ্যাকশনে’ নেমে সমরেশ চক্রবর্তীকে গ্রেপ্তার করে।২০২৪ সালের ১৬ ডিসেম্বর তোলা না দেওয়ায় প্রোমোটারকে মারধরে অভিযোগ উঠেছিল সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে। প্রোমোটারকে পেটানোর পরেই উধাও হয়ে গিয়েছিলেন তিনি। পরে গোপনে আত্মসমর্পণ করেন। নতুন সরকার ক্ষমতায় আসতেই কিন্তু শুরু হয়েছে অ্যাকশন। দফায় দফায় বিভিন্ন স্থান থেকে একের পর এক গ্রেফতার হচ্ছেন অভিযুক্ত তৃণমূল নেতারা। সমরেশের মতোই তৃণমূলের আরেক বিদায়ী কাউন্সিলর মানস রায়কে গ্রেফতার করা হয়েছে। আর্থিক প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন দুর্গাপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর। মোবাইলের দোকান থেকে মোবাইল কিনে প্রভাব খাটিয়ে টাকা না দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে।তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে আরও অভিযোগ ছিল, প্রভাব খাটিয়ে আক্রান্ত প্রোমোটারের দায়ের করা অভিযোগ মিথ্যে প্রমাণ করার চেষ্টাও করেছিলেন। এমনটা আদালতে জানিয়েছিলেন খোদ অভিযোগকারী। এবার প্রোমোটারকে মারধর, তোলাবাজির অভিযোগে শুক্রবার সরাসরি বাড়ি থেকে তুলে এনে গ্রেফতার করা হয়। সঙ্গে সঙ্গে পুরনো যে অভিযোগ ছিল সেই মামলাও যুক্ত করা হয়েছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *