Breaking News

নিউ গড়িয়া মেট্রো স্টেশনের ভাঙা অংশ মেরামতির কাজ শুরু, রবিবার ব্লু লাইনের একাংশে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রবিবার ব্লু লাইনের একাংশে আংশিকভাবে বন্ধ থাকবে কলকাতা মেট্রো পরিষেবা। শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শহিদ ক্ষুদিরাম স্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণ ও নতুন পরিকাঠামো নির্মাণের কাজের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর ও দমদম পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। মেট্রো সূত্রে খবর, বহুদিন ধরে বন্ধ থাকা নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশনের পুনর্নির্মাণের কাজ শুরু করার প্রস্তুতি চলছে। সেই কারণেই রবিবার শহিদ ক্ষুদিরাম স্টেশনে ‘রেক রিভার্সাল’ বা ট্রেন ঘোরানোর নতুন ব্যবস্থা তৈরির কাজ শুরু হবে। এই পরিকাঠামো তৈরি হয়ে গেলে নিউ গড়িয়া স্টেশনকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ভাঙার কাজ শুরু করা হবে।উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ জুলাই থেকে নিউ গড়িয়া (কবি সুভাষ) মেট্রো স্টেশনে পরিষেবা বন্ধ। ২০১০ সালে মহালয়ার দিন ব্লু লাইনে চালু হয়েছিল এই কবি সুভাষ মেট্রো স্টেশন | মাত্র ১৫ বছরের মধ্যেই স্টেশনের অবস্থা বিপজ্জনক হয়ে উঠেছে। ব্লু লাইনের এই প্রান্তিক স্টেশনের থামগুলিতে ফাটল ধরা পড়ে। একাধিক পিলার বসে যাচ্ছে, এমনকি প্ল্যাটফর্মও ধীরে ধীরে দেবে যাওয়ার লক্ষণ দেখা দেয়। যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকায় আপাতত পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আপ ও ডাউন মেট্রো এখন ব্রিজি স্টেশন পর্যন্তই চলাচল করছে।
এত কম সময়ে এমন পরিস্থিতি হওয়ায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছিল। বিগত কয়েক মাস ধরে শহিদ ক্ষুদিরামকে প্রান্তিক স্টেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু শহিদ ক্ষুদিরামে ট্রেন ঘোরানোর স্থায়ী পরিকাঠামো না থাকায় নতুন ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হচ্ছে।আগামিকাল একদিনের জন্য টালিগঞ্জ থেকে ব্রিজি স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। রেক ঘোরানোর জন্য পরিকাঠামো তৈরির কাজ শুরু হলে, তারপর নিউ গড়িয়া মেট্রো স্টেশনকে বিচ্ছিন্ন করে তা ভাঙা হবে। কাজ শুরু হওয়ার পর মেট্রো স্টেশন চালু হতে অন্তত ৬ মাস লাগতে পারে বলে খবর কর্তৃপক্ষ সূত্রে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *