Breaking News

২৪ ঘণ্টার মধ্যেই কার্যকর শমীকের নির্দেশ! বিজেপির সাংগঠনিক ব্যানারে আগে মুখ্যমন্ত্রী শুভেন্দুর ছবি

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিজেপির সাংগঠনিক কর্মসূচির ব্যানারে নেতাদের ছবির বিন্যাস ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। দলীয় সূত্রে খবর, ব্যানারে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-র ছবি আগে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র ছবি পরে রাখা নিয়ে আপত্তি তুলেছিলেন খোদ শমীকই। তিনি নির্দেশ দেন, ভবিষ্যতে দলীয় ব্যানারে শুভেন্দুর ছবিই আগে রাখতে হবে। সেই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই বদলে যায় ব্যানারের নকশা। প্রকাশ্যে আসে নতুন ডিজাইন, যেখানে প্রথমে রয়েছে শুভেন্দুর ছবি, তার পরেই শমীকের। নতুন সেই ব্যানারের ছবি নিজের সমাজমাধ্যমের পাতাতেও শেয়ার করেছেন শমীক।বিজেপির সাংগঠনিক রীতি অনুযায়ী, দলীয় কর্মসূচির ব্যানারে সাধারণত এক পাশে থাকে দুই সর্বভারতীয় নেতার ছবি— প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা-র ছবি। অন্য পাশে থাকে সংশ্লিষ্ট রাজ্যের শীর্ষ নেতৃত্বের ছবি। পশ্চিমবঙ্গে এত দিন সেই বিন্যাসে আগে থাকত শমীকের ছবি, পরে শুভেন্দুর।শুক্রবারের সাংগঠনিক বৈঠকেই সেই রীতিতে পরিবর্তনের কথা ওঠে বলে বিজেপি সূত্রের দাবি। বৈঠকে শমীক জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগের বিন্যাস আর উপযুক্ত নয়। কারণ, আগে তিনি ছিলেন শুধু রাজ্য সভাপতি এবং শুভেন্দু ছিলেন বিরোধী দলনেতা। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে— শুভেন্দু রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই সরকারি মর্যাদা এবং সাংবিধানিক পদমর্যাদার কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর ছবিকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শমীক ঘনিষ্ঠ মহলের দাবি।
যদিও এই বিষয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি বিজেপির শীর্ষ নেতৃত্ব। শমীকও এ নিয়ে সরাসরি মুখ খোলেননি। তবে নতুন ব্যানার প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *