দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরই কথা রাখলেন শুভেন্দু অধিকারী। রাজ্যে সপ্তম পে কমিশনে সিলমোহর দিল রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী অগ্নিমিত্রা পল । যদিও ডিএ নিয়ে এদিনের বৈঠকে কোনও আলোচনা হয়নি। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক ছিল। উপস্থিত ছিলেন রাজ্যের পাঁচ মন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সব সিদ্ধান্তের ব্যাপারে জানান। তিনি বলেন, “রাজ্য সরকারি কর্মী, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন দেওয়া হয়েছে।” তবে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি মন্ত্রিসভা।সরকারি কর্মীরা বলছেন, সপ্তম পে কমিশন গঠন হয়ে কার্যকর হলে, একলাফে ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে কর্মীদের বেসিক পে।গত ৪ মে প্রকাশিত ভোটের ফলাফল অনুযায়ী রাজ্য সরকারের পালাবদল হয়েছে। প্রথমবার বাংলার ক্ষমতায় আসে বিজেপি সরকার। গত ৯ মে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের উপস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পর থেকেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর মুখ্যমন্ত্রী। তারই অংশ হিসাবে দায়িত্ব গ্রহণের ৯ দিনের মাথায় দ্বিতীয় বৈঠকে সপ্তম পে কমিশনে সায় দিল রাজ্য মন্ত্রিসভা। সেই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মন্ত্রী অগ্নিমিত্রা পল।
Hindustan TV Bangla Bengali News Portal