নিজস্ব সংবাদদাতা :-কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় |ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।তৃণমূল শিবিরের স্পষ্ট অভিযোগ, নতুন সরকারের জমানায় রাজ্যজুড়ে তীব্র ‘রাজনৈতিক প্রতিহিংসা’ চালানো হচ্ছে। তারই অঙ্গ হিসেবে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে বলে দাবি জোড়াফুল শিবিরের। এই পরিস্থিতিতে আদালতের জরুরি হস্তক্ষেপ চেয়েই মামলা দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা।
তৃণমূল সূত্রের খবর, শুক্রবার বিধাননগরে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা পড়ে এবং তার ভিত্তিতে মামলা রুজু হয়। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করে রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে। অভিষেকের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। সেই সঙ্গে রয়েছে উস্কানি দেওয়ার অভিযোগও। সূত্রের খবর, অভিষেকের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় মোট ৫ টি ধারায় মামলা দায়ের হয়েছে। তার মধ্যে দু, একটি জামিন অযোগ্য। এরপরেই আজ, সোমবার এহেন এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আবেদনে এফআইআর খারিজের আবেদনও জানানো হচ্ছে |
Hindustan TV Bangla Bengali News Portal