দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবার কলকাতা মেট্রোয় আবার লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। সন্ধ্যায় ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর) মাস্টারদা সূর্য সেন স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর। তার জেরে ব্যস্ত সময়ে ব্যাহত হয় পরিষেবা। এই ঘটনার কারণে পুরোপথে আপাতত পরিষেবা মিলছে না।জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার বিকেলে মাস্টারদা সূর্য সেন স্টেশনে যাত্রীর সংখ্যা নেহাত কম ছিল না। ৬টা ১৩ মিনিট নাগাদ স্টেশনে ঢোকে একটি মেট্রো। আচমকা লাইনে ঝাঁপ দেন একজন। তড়িঘড়ি লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। শুরু হয় উদ্ধার কাজ। যার জেরে বন্ধ পরিষেবা। ব্যস্ত সময়ে এই বিভ্রাটে বেজায় বিরক্ত যাত্রীদের একাংশ।উল্লেখ্য, সোমবার বিকেল ৪ টে বেজে ১০ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবরে এক যাত্রী লাইনে ঝাঁপ দেন বলে খবর। যার জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় পরিষেবা। আত্মহত্যার চেষ্টার ঘটনার কারণে ব্যাহত হয় পরিষেবা। সাময়িক সময়ের জন্য টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক ছিল। পরিষেবা ব্যাহত হওয়ায় অগত্যা অনেক অফিসফেরত যাত্রী পাতালপথ ছেড়ে সড়কপথে গন্তব্যে পৌঁছোনোর চেষ্টা করছেন।সোমবারও এক যাত্রীর আত্মহত্যার চেষ্টার কারণে ব্লু লাইনে ব্যাহত হয়েছিল পরিষেবা। বিকেলে রবীন্দ্র সরোবর স্টেশনে ঘটনাটি ঘটেছিল। তার জেরে এক ঘণ্টার বেশি সময় পরিষেবা ব্যাহত ছিল। মঙ্গলবার একই ঘটনা ঘটল। তার ফলে আবার মেট্রোয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন যাত্রীরা।
Hindustan TV Bangla Bengali News Portal