প্রসেনজিৎ ধর, কলকাতা :- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ও তাঁর পরিবারের ১৭টি সম্পত্তিতে নোটিস পাঠিয়েছে পুরসভা। পরদিনই কলকাতা পুরসভার ৯ নম্বর বরো চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা। দলের ফোন করে বরো চেয়ারপার্সনকে চাপ দেওয়ার অভিযোগ চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাসের। দলের বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগপত্র পাঠালেন তৃণমূলের বরো চেয়ারপার্সন। যদিও কাউন্সিলর হিসেবে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি।অন্দরের খবর, তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের অনুগামী। পুরসভার তরফ থেকে অভিষেককে দেওয়া ওই নোটিস সম্পর্কে ফিরহাদ হাকিমও ওয়াকিবহাল ছিলেন না। এমনই প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই অবস্থায় দেবলীনার পদ ছাড়তে চাওয়া যথেষ্ঠ ইঙ্গিতপূর্ণ। এদিন হাতে লেখা ওই ইস্তফাপত্র মালা রায়কে তিনি পাঠিয়েছিলেন। তবে মালা রায় অফিসে না থাকায় সেই ইস্তফাপত্র গৃহীত হয়নি বলেই খবর। দেবলীনা বিশ্বাস জানিয়েছেন, দলগত কারণেই এই সিদ্ধান্ত। এতদিন ওই চেয়ারে বসে কাজ করেছেন। কিন্তু এখন সমস্যা হচ্ছে। সেই কারণেই মালা সাহাকে ইস্তফাপত্র পাঠানো হয়েছে। “বরো চেয়ারপার্সনের পদ ছাড়তে চাইলেও কাউন্সিলর থাকব”, সেই কথা জানিয়েছেন দেবলীনা। প্রশ্ন উঠেছে, কলকাতা পুরসভার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানো হয়েছে। সেই নোটিস নিয়েই কি দলের কোনও অংশের তরফে বরো চেয়ারপার্সনের উপর চাপ তৈরি করা হচ্ছিল? সেজন্য পদ থেকে সরে যাওয়াকেই বেছে নিলেন তৃণমূল কাউন্সিলর? যদিও সেই বিষয়ে কথা বলতে চাননি তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal