প্রসেনজিৎ ধর :-পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যার রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বুধবার সকালে নিজের বাড়ি থেকে উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এটি আত্মহত্যা, নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুমিতা বন্দ্যোপাধ্যায় (৫৫)। তিনি মেমারির রসুলপুর এলাকার বাসিন্দা এবং মেমারি-১ ব্লকের নিমো-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা ছিলেন। বুধবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে বাড়ির ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় প্রতিবেশীদের এবং পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে মেমারি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
ভোটের ফলপ্রকাশের কিছুদিনের মধ্যেই শাসকদলের এক জনপ্রতিনিধির অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে এই মৃত্যুর পিছনে, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার প্রকৃত কারণ সামনে আনতে পুলিশের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।যদিও মৃতার স্বামী বাসুদেব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরেই তাঁর স্ত্রী এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি মনে করছেন। তবে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal