Breaking News

৩০টি মামলার ‘অভিযুক্ত’ রমেশ বিজেপির মঞ্চে! হুব্বা শ্যামলের ছায়াসঙ্গীকে ঘিরে জাঙ্গিপাড়ায় বিতর্ক

প্রসেনজিৎ ধর, হুগলি :- হুগলির জাঙ্গিপাড়ায় বিজেপির একটি অনুষ্ঠানের মঞ্চে রমেশ মাহাতোকে দেখা যাওয়াকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। দিলআকাশ গ্রাম পঞ্চায়েতের খুড়িগাছি গ্রামে বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে রমেশকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।হাওড়া ও হুগলি এলাকায় একাধিক অপরাধের অভিযোগে নাম জড়িয়েছে রমেশ মাহাতোর। পুলিশ সূত্রে দাবি, বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্যামলের একসময়কার ঘনিষ্ঠ সঙ্গী হিসেবেও রমেশের নাম উঠে এসেছে। হুব্বা শ্যামল খুনের ঘটনাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বলে দাবি। ঘটনার তীব্র বিরোধিতা করেছেন জাঙ্গিপাড়ার বিজেপি বিধায়ক প্রসেনজিৎ বাগ। তাঁর দাবি, রমেশ মাহাতো ‘কুখ্যাত দুষ্কৃতী’ এবং তাঁর বিরুদ্ধে প্রায় ৩০টি মামলা রয়েছে। এমন একজন ব্যক্তিকে কী ভাবে বিজেপির রাজনৈতিক অনুষ্ঠানের মঞ্চে তুলে সংবর্ধনা দেওয়া হল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।বিধায়ক জানিয়েছেন, ওই অনুষ্ঠানে বেশ কয়েকজন বিজেপি কর্মী উপস্থিত ছিলেন। রমেশ মাহাতোকে মঞ্চে তোলার সিদ্ধান্ত কে নিয়েছিলেন এবং কার অনুমতি নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হবে। বিষয়টি নিয়ে জেলা সভাপতি এবং রাজ্য সভাপতির কাছেও রিপোর্ট পাঠাবেন বলে জানিয়েছেন তিনি। প্রসেনজিৎ বাগের বক্তব্য, হাওড়া-হুগলির বিভিন্ন এলাকায় যার বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে, তাঁকে জাঙ্গিপাড়ার রাজনৈতিক মঞ্চে তুলে ধরলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে। তাঁর দাবি, এই ধরনের ব্যক্তিদের বিজেপিতে কোনও জায়গা নেই।তবে কেন রমেশ মাহাতোকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাঁকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্তই বা কে নিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে বিজেপির অভ্যন্তরীণ তদন্ত শুরু হলে সেই প্রশ্নগুলির উত্তর মিলতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির মঞ্চে অভিযুক্ত এক ব্যক্তিকে সংবর্ধনা দেওয়ার অভিযোগ ঘিরে দলের অন্দরেও শুরু হয়েছে প্রশ্ন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *