Breaking News

যখন তখন গ্রেফতার হতে পারেন, আশঙ্কা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের! আইনি সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ দিলীপ মণ্ডল

প্রসেনজিৎ ধর,কলকাতা :-যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন। এই আশঙ্কায় এবার আইনি রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিধায়কের আইনজীবীর তরফে এই জরুরি আবেদন জানানো হয়। পরিস্থিতি বিবেচনা করে বিচারপতি দিলীপকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।আগামী মঙ্গলবার (২৬ মে) মামলাটির শুনানি হবে হাইকোর্টে।
বিরোধীদের উদ্দেশে হুমকিসুলভ মন্তব্য করার অভিযোগে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে খুঁজছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ রয়েছে।ভোটের ফলাফল প্রকাশের পর সমাজমাধ্যমে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাঁকে কার্যত হুমকি দিতে দেখা যায়। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, “১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম। শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না।” বিজেপিকে প্রকাশ্যে হুমকি দিতেও শোনা গিয়েছে তাঁকে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই দিলীপের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। ১৪ মে, সকালে দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে যায় পুলিশ ও ব়্যাফ। বাড়িতে ঢুকে তল্লাশি অভিযান চালায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়িতে ঢুকে তৃণমূল বিধায়কের বিলাসবহুল জীবনযাপন দেখে তাজ্জব পুলিশ কর্মীরা। ওই বাড়িতে রয়েছে একাধিক দামী গাড়ি, সুইমিং পুল, দোলনা সহ কাঠের আসবাবপত্র। এছাড়াও বাড়িতে একটি গুহাও রয়েছে বলে জানা গিয়েছে। ওই তল্লাশি অভিযানের পর থেকেই বেপাত্তা বিধায়ক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে গত ১৭ মে, রবিবার রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবারের জেলা পুলিশের আধিকারিকরা বিধায়কপুত্র অর্ঘ্য মণ্ডলের খোঁজে তল্লাশি অভিযান চালান। অর্ঘ্য-সহ পাঁচজনকে বকখালি, ফ্রেজারগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এলাকায় অযথা অশান্তি পাকানোর অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে রক্ষাকবচের আর্জিতে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *