প্রসেনজিৎ ধর, হুগলি:- এবার খোদ বিধায়কের উপস্থিতিতেই চলল বুলডোজার। সাতসকালে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল কোন্নগরের টোল আদায়ের অফিস। অভিযোগ, এতদিন কোন্নগর রেল স্টেশনের আন্ডারপাসে টোল গেট বসিয়ে টাকা তোলা হতো। পুলিশের নির্দেশেই আন্ডারপাসের সামনে থাকা সেই অফিস ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল। স্থানীয়দের দাবি, কোন্নগর রেল স্টেশনে আন্ডারপাসে টোল গেট বসিয়ে টাকা তোলা হত। উত্তরপাড়ার বিজেপি বিধায়ক নির্বাচিত হওয়ার পর দীপাঞ্জন চক্রবর্তী কোন্নগর পুরসভায় গিয়ে টোল আদায়ের অনুমতি সংক্রান্ত কাগজপত্র দেখতে চান। বিধায়ক জানান,পুরসভা কোন কাগজ দেখাতে পারেনি। আন্ডারপাসে টোল আদায়ের জন্য ২০০৮ সালে লিজ দেওয়া হয়। তারপর সেই অনুমোদন পত্র রিনিউ করা হয়নি। এইভাবেই চলছিল এতদিন টোল আদায়। অনুমোদনহীন যত টোল আছে তা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার।তারপরেই বিধায়ক কোন্নগর আন্ডারপাসের টোল আদায় বন্ধ করতে বলেন পুলিশকে। শুক্রবার বুলডোজার চালিয়ে যে অফিস থেকে তোল আদায় করা হত আন্ডারপাসের সামনের সেই অফিস ভেঙে দেওয়া হয়। বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, “উত্তরপাড়ায় এই শুরু হল কোনও বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। বেআইনি পার্টিঅফিস হোক বা বাড়ি সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, “২০০০ সালে রেল এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগ কোন্নগর স্টেশনের এই আন্ডারপাস তৈরি হয়েছিল। জেলা পরিষদের জায়গা দেখভালের জন্য কোন্নগর পুরসভাকে হস্তান্তর করেছিল জেলা পরিষদ। যখন বেআইনি টোল বন্ধ করা নিয়ে নির্দেশ দিল সরকার, তখনই জেলা পরিষদের কাছে পুরসভার তরফে জানতে চাওয়া হয়েছে। লিখিত কোনও নির্দেশ তাদের তরফ থেকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি।” উল্লেখ্য, ২০০৮ সাল থেকে এই টোল আদায় চলছে। ২০২২ সাল পর্যন্ত বছরে ১২ হাজার টাকা করে পেতো পুরসভা। গত তিন বছরে তা বেড়ে ৫০ হাজার টাকা করে হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal