প্রসেনজিৎ ধর, কলকাতা :- বেলেঘাটার মাঠ পুকুরে তৃণমূলের বেআইনি পার্টি অফিস ভাঙলেন জমির মালিক। ২০১১ সালে ক্ষমতায় আসার পর বেলেঘাটার মাঠপুকুর এলাকার ঝর্ণা কুণ্ডুর বাড়ির একটা অংশ জোর দখল করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। ক্লাব করার নাম করে জোর করে নেওয়া হয়েছিল জমি। এরপর, সেখানে রাতারাতি তৃণমূলের কার্যালয় তৈরি করে ফেলেছিল এলাকার তৃণমূল কর্মীরা। তেমনটাই অভিযোগ জমির মালিক ঝর্ণা কুণ্ডু। ২০২৬ সালে রাজ্যে রাজনৈতিক পালাবাদলের পরে তাই নিজের উদ্যোগে ওই পার্টি অফিসে বুলডোজার চালিয়ে জমি ফেরত নিলেন তিনি৷ওই জমির মালিকের নাম ঝর্ণা কুণ্ডু। তিনি জানিয়েছেন, মিথ্যা কথা বলে তাঁর কাছ থেকে জমি দখল করে নিয়েছিল তৃণমূল। বলা হয়েছিল ক্লাব তৈরি করা হবে। কিন্তু ক্লাব না করে সেখানে পার্টি অফিস তৈরি করা হয়। সেই পার্টি অফিসে নিয়মিত মদের আসর বসত বলে অভিযোগ। এর জন্য স্থানীয় তৃণমূল নেতা রাজু ঘোষ, মিন্টু, বাচ্চু গাঙ্গুলীদের দিকে আঙুল তুলেছেন তিনি। রাজ্যে পালাবদলের পরে এই তৃণমূল নেতারাই ওই পার্টি অফিসে এসে গেরুয়া রং করে অফিসে বিজেপির পতাকা রেখে দেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ভাঙচুর করে।রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে দখলদারি, বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এই নিয়ে কড়া বার্তা দিয়েছেন। এই আবহে ঝর্ণাদেবী শমীক ভট্টাচার্যের কাছে নিজের জমি দখল হওয়া নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। তাঁর আশ্বাস পেয়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করেন জমির মালিক ঝর্ণা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণকাজ ভাঙার কাজ পরিদর্শন করেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। তিনি জানান, বিজেপির নামে যদি কেউ অপকর্ম করে তাহলে বরদাস্ত করা হবে না। বেআইনি নির্মাণ ও জবরদখলের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ চলতে থাকবে।
Hindustan TV Bangla Bengali News Portal