Breaking News

ইদের ছুটিতে বড় কাটছাঁট! দু’দিনের বদলে মাত্র একদিন ছুটি ঘোষণা শুভেন্দু সরকারের, কর্মসংস্কৃতি ফেরানোর বার্তা?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ইদ-আল-আধা বা বকরি ইদের ছুটি কমিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার। শনিবার নবান্নের তরফে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ, ২৬, ২৭ মে দু’দিন নয়, ইদ-আল-আধার জন্য আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সরকারি অফিস ছুটি থাকবে।এর আগে বকরি ইদ উপলক্ষে ২৬ ও ২৭ মে রাজ্যে সরকারি ছুটি ঘোষণা হয়েছিল। কিন্তু শনিবার সেই নির্দেশ খারিজ করে দিল বর্তমান বিজেপি সরকার। নতুন জারি করা বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, ওই দু’দিন বকরি ইদের ছুটি নয়, সমস্ত সরকারি দফতরে কাজ হবে। তার বদলে ২৮ মে বকরি ইদের ছুটি ঘোষণা করা হয়েছে। এই বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর শুভেন্দু সরকারের কড়া বার্তা ছিল, সরকারি দপ্তরগুলিতে কর্মসংস্কৃতি ফেরাতে হবে। আর ফাঁকিবাজি বা ছুটি সংস্কৃতি নয়, এবার থেকে জনগণকে সঠিক পরিষেবা দিতে যত সম্ভব দ্রুত গতিতে কাজ করতে হবে। সেইমতো সরকারি দপ্তরে কর্মীদের হাজিরার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। প্রতিদিন সকাল ১০ টা ১৫-র মধ্যে অফিসে ঢুকতে হবে কর্মীদের, বিকেল ৫টা ১৫-এর আগে অফিস থেকে বেরিয়ে যাওয়া চলবে না। অর্থাৎ ঘড়ি ধরে ৭ ঘণ্টা কাজ করতেই হবে। এবার বকরি ইদের ছুটি কমিয়ে কাজকেই প্রাধান্য দেওয়ার বার্তা দিল বর্তমান সরকার। তবে প্রশ্ন উঠছে, দুর্গাপুজোর সময় এত বছর যে দীর্ঘ ছুটি উপভোগ করেছেন সরকারি কর্মীরা, তাতেও কি এবার থেকে কাটছাঁট হবে?নবান্নের প্রশাসনিক মহলের একাংশের মতে, ইদের জন্য বরাদ্দ অতিরিক্ত ছুটি যখন তুলে দেওয়া হলো, তখন পুজোয় টানা ১৩ থেকে ২০ দিন অতিরিক্ত ছুটি দেওয়ার আর কোনো যৌক্তিকতা থাকে না। রাজ্যের কোনো বেসরকারি সংস্থায়, কর্পোরেট সেক্টরে বা আইটি সেক্টরে পুজোয় ৪-৫ দিনের বেশি ছুটি মেলে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *