প্রসেনজিৎ ধর, কলকাতা :- তিলোত্তমাকাণ্ডে বিপাকে ডাক্তার অভীক দে। সাসপেন্ডেড আরএমও অভীকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল আর এন রবি। বেআইনিভাবে সার্ভিস কোটায় এসএসকেএম-এ পিজিটি করার অভিযোগে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। অভীক দে বর্ধমান মেডিক্যাল কলেজের রেডিওলজিস্ট। তিনি মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচারের মাথা বলে অভিযোগ উঠেছিল। আরজি করে তিলোত্তমার দেহ উদ্ধারের পর সেখানে পৌঁছে গিয়েছিলেন অভীক দে। কেন তিনি সেখানে গিয়েছিলেন, তা নিয়ে সেইসময় প্রশ্ন উঠেছিল। পরে পুলিশের তরফে দাবি করা হয় যে, তিনি সেখানে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ‘ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ’ হিসেবে উপস্থিত ছিলেন।২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। সেই পরিস্থিতিতে সরকারি হাসপাতালে ‘দাদাগিরি’র অভিযোগও উঠে আসে এবং তাতে নাম জড়ায় অভীকের। আরজি কর-কাণ্ডের পর ঘটনাস্থলে এসএসকেএমের চিকিৎসক-পড়ুয়া অভীকের উপস্থিতি নিয়েও উঠেছিল একাধিক অভিযোগ। ওই হাসপাতালের সঙ্গে যুক্ত না-হয়েও তিনি সেখানে কী করছিলেন, সেই প্রশ্ন ওঠে। তাঁর এসএসকেএম হাসপাতালে পিজিটি পাওয়া নিয়ে ওই সময়েও প্রশ্ন তুলেছিল কিছু চিকিৎসক সংগঠন। আরজি কর-কাণ্ডের পরে ওই বছরেরই ৫ সেপ্টেম্বরে অভীককে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছিল। তার কয়েকদিন পরে এ-ও জানিয়ে দেওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালেরর ইমার্জেন্সি বিভাগ, অপারেশন থিয়েটার (ওটি) বা বহির্বিভাগ (ওপিডি)— কোনও জায়গাতেই যেতে পারবেন না অভীক। এমনকি এসএসকেএম-এর হস্টেল রুমেও তিনি যেতে পারবেন না বলে জানানো হয়েছিল।রাজ্য মেডিক্যাল কাউন্সিলও পদক্ষেপ করেছিল অভীকের বিরুদ্ধে। সরকারি হাসপাতালে ‘দাদাগিরি’তে নাম জড়ানোর পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে কাউন্সিল জানিয়েছিল, তাদের বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না অভীক। কড়াকড়ির চার মাসের মধ্যে, ওই বছরের ডিসেম্বরেই সেই আদেশ আবার প্রত্যাহারও করা হয়েছিল। এ বার রাজ্যে সরকার বদল হতেই আরজি কর কাণ্ডের পর হাসপাতালে ‘দাদাগিরি’তে নাম জড়ানো সেই অভীকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। আরজি কর-কাণ্ড পরবর্তী সময়ে ‘দাদাগিরিতে’ নাম জড়ানো অভীকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশকে স্বাগত জানিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম’। এক বিবৃতিতে তারা দাবি করেছে, ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে সমান এবং নিরপেক্ষ পদক্ষেপ কতে হবে। প্রকৃত অভিযুক্তদের চিহ্নিত করারও দাবি তুলেছে তারা।
Hindustan TV Bangla Bengali News Portal