প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাসভবন ‘শান্তিনিকেতন’-এ সোমবার হাজির হয় কলকাতা পুলিশের একটি বিশেষ দল। কলকাতা পুরসভার পাঠানো একটি নোটিশকে ঘিরে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
সোমবার দুপুরে কয়েক জন পুলিশ আধিকারিককে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকতে দেখা যায়। তাঁদের মধ্যে কেউ ছিলেন সাদা পোশাকে, আবার কেউ পুলিশের উর্দিতে। কিছু সময় পর বাড়ির ভিতর থেকে একটি এলইডি মনিটর হাতে নিয়ে বেরিয়ে আসেন কয়েক জন আধিকারিক। যদিও কেন তাঁরা সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি পুলিশকর্তারা।
সূত্রের খবর, ১৮৮এ হরিশ মুখার্জি রোডে অবস্থিত ওই বাড়ির একটি অংশে বেআইনি নির্মাণ হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুরসভার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। পাশাপাশি সংশ্লিষ্ট অংশ ভেঙে ফেলার নির্দেশও দেওয়া হয় বলে জানা গিয়েছে।এরই মধ্যে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে পুরসভাকে পাল্টা চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের দাবি। সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য আরও ১৪ দিন সময় চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।এই আবহেই সোমবার পুলিশের বিশেষ দলের শান্তিনিকেতনে পৌঁছনো ঘিরে জল্পনা তৈরি হয়েছে। যদিও প্রশাসনের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। পুলিশ শুধুমাত্র পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিল, নাকি পুরসভার রিপোর্ট বা অন্য কোনও নির্দেশের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে, তা এখনও পরিষ্কার নয়।
Hindustan TV Bangla Bengali News Portal