দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রয়াত হলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ফিরোজ এডুলজি। যকৃতের সমস্যায় দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসাধীন ছিলেন বাইপাসের ধারে এক হাসপাতালে। সোমবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। এডুলজির বয়স হয়েছিল ৫৩ বছর। এডুলজির মৃত্যুতে হাই কোর্টের আইনজীবীমহলে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে হাই কোর্টের বার ক্লাব, বার অ্যাসোসিয়েশনের তরফে শোকপ্রকাশ করা হয়।ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র। তথ্য বলছে, ১৯৯৭ সাল থেকে কলকাতা হাই কোর্টে আইনজীবী হিসাবে কাজ করেছেন। করেছেন একাধিক বড় মামলায় সওয়াল। বিশেষ করে সম্প্রতি আর জি কর ধর্ষণ মামলায় নির্যাতিতা পরিবারের পাশে দাঁড়িয়ে আদালতে জোরাল সওয়াল করেছিলেন ফিরোজ এডুলজি। পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার লক্ষ্যে ছুটে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। নতুন করে ফের হাই কোর্টে শুরু হয়েছে আর জি কর মামলা। কিন্তু এর মধ্যেই তাঁর চলে যাওয়া বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে।শুধু আর জি কর মামলাই নয়, দীর্ঘ জীবনে বগটুই-কামদুনি সহ আরও বেশ কয়েকটি মামলাতেও আইনজীবী হিসাবে সওয়াল করেছেন ফিরোজ এডুলজি। তাঁর সওয়ালেই বগটুই মামলার তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। এমনকী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হয়েও নিয়োগ-দুর্নীতি মামলা-সহ বেশ কয়েকটি মামলায় ছিলেন এই আইনজীবী। এডুলজির পৈতৃক বাড়ি মধ্যপ্রদেশের জবলপুরে। তবে তাঁর জন্ম কলকাতায়। ১৯৭৩ সালের ১০ জুন শিয়ালদহের কাছে ওল্ড পার্সি কলোনিতে তাঁর জন্ম। তিনি বেঙ্গালুরুর ন্যাশনাল আইন কলেজ থেকে আইনি বিষয়ে পড়াশোনা করেন। বাবা নৌবাহিনীতে কাজ করতেন। বাবার কথাতেই হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন এডুলজি। তাঁর মা দ্য ব্রিটিশ অক্সিজেন কোম্পানিতে কর্মরত ছিলেন। নিজে পার্সি সম্প্রদায়ের হলেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের ঘনিষ্ঠ ছিলেন। বিশ্ব হিন্দু পরিষদের হয়ে দীর্ঘ দিন দক্ষিণবঙ্গে কাজও করেছেন তিনি। ফৌজদারি মামলার দুঁদে আইনজীবী হিসাবে এডুলজি পরিচিত।
Hindustan TV Bangla Bengali News Portal