প্রসেনজিৎ ধর :- অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে বাড়ছে আগ্রহ। কারা এই প্রকল্পের টাকা পাবেন, কী কী নথি লাগবে এবং কেন নতুন করে ভেরিফিকেশন করা হচ্ছে— তা নিয়ে বুধবার নবান্নে বিস্তারিত জানাল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতেই নতুন করে আবেদন ও তথ্য যাচাই প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এক নজরে দেখে নিন গুরুত্বপূর্ণ তথ্যগুলি—
• অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে প্রয়োজন হবে আধার কার্ড, ভোটার আইডি, ব্যাঙ্ক পাসবুক, ডিজিটাল রেশন কার্ড, পাসপোর্ট সাইজ ছবি ও সচল মোবাইল নম্বর।
• আবেদনকারী সরকারি চাকরি করেন না, পেনশন পান না বা আয়কর দেন না— সেই সংক্রান্ত ঘোষণাপত্রও জমা দিতে হবে।
• আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকলেই সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
• সরকারের দাবি, পুরনো উপভোক্তা তালিকায় প্রায় ৩০ লক্ষ ভুয়ো বা অযোগ্য নাম রয়েছে।
• মৃত ব্যক্তি, পুরুষ ও অ-ভারতীয় নাগরিকদের নামও তালিকায় ছিল বলে অভিযোগ করেছে সরকার।
• তাই নতুন করে ফর্ম পূরণ ও ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করা হচ্ছে।
• সরকারি নির্দেশিকা অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন।
• সরকারি বা আধা সরকারি কর্মী, পেনশনভোগী ও আয়করদাতারা এই প্রকল্পের আওতায় থাকবেন না।
• ভোটার তালিকায় নাম না থাকলে বা ভারতীয় নাগরিক না হলে আবেদন বাতিল হতে পারে।
• তবে CAA-তে আবেদনকারী বা ট্রাইবুনালে আবেদন প্রক্রিয়াধীন থাকলে বিশেষ ক্ষেত্রে সুবিধা মিলবে।
• আগামী ১ জুন থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া, যা চলবে টানা ৯০ দিন।
• অনলাইন ও অফলাইন— দুইভাবেই ফর্ম জমা দেওয়া যাবে।
• যাঁরা নিজেরা আবেদন করতে পারবেন না, তাঁদের বাড়ি গিয়ে সাহায্য করবেন সরকারি আধিকারিকরা।
• ১৫, ১৬ ও ১৭ জুন জনকল্যাণ শিবিরের মাধ্যমেও ফর্ম পূরণের সুযোগ মিলবে।
• নতুন তালিকা তৈরি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু থাকবে।
রাজ্য সরকারের দাবি, প্রকৃত ও যোগ্য উপভোক্তাদের হাতেই যাতে সরকারি আর্থিক সহায়তা পৌঁছয়, সেই লক্ষ্যেই এই নতুন যাচাই প্রক্রিয়া চালু করা হয়েছে। ফলে আবেদনকারীদের সঠিক তথ্য ও নথি জমা দেওয়ার উপরই নির্ভর করবে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া।
Hindustan TV Bangla Bengali News Portal