দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতা হাইকোর্টে আপাতত কোনও স্বস্তি পেলেন না রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার হাই কোর্টের দ্বারস্থ হন সুজিত বসু। শুক্রবার বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে মামলাটির শুনানি হয়। বর্তমানে জেল হেফাজতে থাকা তৃণমূল নেতার দায়ের করা মামলার শুনানিতে শুক্রবার স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি শম্পা দত্ত পাল— “এখনই কোনও রিলিফ নয়।” সুজিত বসুর পক্ষে আদালতে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী সিদ্ধার্থ লুথরা। তিনি আদালতে দাবি করেন, “আমার মক্কেল গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করছেন। তিনি অভিযুক্ত নন।” তবে সেই যুক্তিতে আপাতত সায় দেয়নি আদালত। বিচারপতি নির্দেশ দিয়েছেন, মামলাটির শুনানি নিয়মিত বেঞ্চেই হবে। পাশাপাশি, গ্রেফতারি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত নোটিস জমা দিতে হবে ইডিকে। সুজিত বসুর তরফেও হলফনামা পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, গত ১১ মে সুজিতকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা। বর্তমানে তিনি জেল হেফাজতে। সেখান থেকেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করেছেন। বৃহস্পতিবার সুজিতের আইনজীবী এ বিষয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। মামলা দায়েরের অনুমতিও দেওয়া হয়।গ্রেফতারির আগে সুজিতকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ভোটের আগে তাঁকে কয়েক বার তলব করা হয়েছিল। সেই সময় সুজিত জানিয়েছিলেন, তিনি প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন। প্রচারপর্ব মেটার পর গত ১ মে তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন। সে বার তাঁকে কিছু ক্ষণ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছিল। তার পর ফের সুজিত ইডি দফতরে যান ১১ মে। সঙ্গে তাঁর আইনজীবীও ছিলেন। ছিলেন সুজিতের পুত্র সমুদ্র বসু। প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সুজিতকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা।পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার অভিযোগ রয়েছে সুজিতের বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, সেই তালিকায় কমবেশি ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে। দুর্নীতির মাধ্যমে উপার্জিত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে বলে মনে করছে ইডি। তাই খতিয়ে দেখা হচ্ছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যও।
বৃহস্পতিবার ইডির বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী। বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে এই মামলার শুনানি হতে পারে। সেই কথা জানা যায়। দ্রুত শুনানির কথাও বলা হয়েছিল। আজ, শুক্রবার হাই কোর্টে ওই মামলা ওঠে। বিচারপতি সুজিতকে স্বস্তি দিলেন না। বিচারপতি এদিন নির্দেশ দিলেন, এই মামলার শুনানি নিয়মিত বেঞ্চেই হবে। শুধু তাই নয়, ইডি গ্রেপ্তারি নিয়ে বিস্তারিত রিপোর্টও দেবে। সুজিত বসুর তরফেও হলফনামা দেওয়া হবে।
Hindustan TV Bangla Bengali News Portal