দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাস্তার পাশে আবর্জনার স্তূপ। পরিষ্কার করার লোকের দেখা নেই। তবে এবার থেকে সেই চিন্তা থেকে মুক্তি মিলবে। নতুন অ্যাপ চালু করল রাজ্য সরকার। পোশাকি নাম ‘স্বচ্ছ অ্যাপ’। আবর্জনার স্তূপের ছবি তুলে ওই অ্যাপে পাঠালেই কয়েক মিনিটে তা পরিষ্কার করে দেওয়া হবে।শনিবার নিউটাউনে কেন্দ্রীয় আবাসন এবং পুর বিষয়ক মন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে এক কর্মসূচিতে নতুন অ্যাপ চালুর কথা জানানো হয়। শুভেন্দু জানান, আপাতত ১০টি পুরসভায় স্বচ্ছ অ্যাপ চালু হচ্ছে। পরে ধাপে ধাপে সব জায়গাতেই তা শুরু হবে। কোন ১০টি পুরসভা? শুভেন্দু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে এ রাজ্যেও স্বচ্ছতার উপর জোর দেওয়া হচ্ছে। আপাতত আসানসোল, দুর্গাপুর, বসিরহাট, পূজালি, তুফানগঞ্জ, কাঁথি, কৃষ্ণনগর, বৈদ্যবাটী, মধ্যমগ্রাম পুরসভায় চালু হচ্ছে নতুন অ্যাপ। পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে।স্বচ্ছ অ্যাপটি পরিচ্ছন্ন, স্মার্ট, আরও স্বচ্ছ এবং সংবেদনশীল বাংলার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা প্রযুক্তি, জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে নাগরিকদের নাগরিক পরিষেবা উন্নত করার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের ক্ষমতা দেয়। এটি পরিচ্ছন্ন, সবুজ, স্মার্ট ও উন্নত বাংলা গড়ে তোলার প্রক্রিয়ার অংশ। প্রযুক্তি, স্বচ্ছতা, সক্রিয় নাগরিককে এতে অংশগ্রহণ করার জন্য আহ্বান
জানান। পশ্চিমবঙ্গের শহরাঞ্চলজুড়ে রাস্তায় রাস্তায় দেখা যায় আবর্জনার স্তূপ। সরকারের পালাবদল হলেও পুরসভাগুলি এখনও তৃণমূলের দখলে আছে। তবে পুরসভাগুলির ওপর নজরদারি রাখছে সরকার। শহরের পুর এলাকাগুলিতে স্বচ্ছতা বজায় রাখতে শুরু হচ্ছে ‘স্বচ্ছতা অভিযান’। এর জন্য বিশেষ ‘জিও-ট্যাগিং’ প্রযুক্তির কথা বলেন নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আবর্জনা অপসারণের জন্য এই অ্যাপ ব্যবহার করা হবে।স্বচ্ছতার পাশাপাশি কেন্দ্রের অন্য প্রকল্পগুলির কথাও শোনা যায় শুভেন্দুর গলায়। তাঁর কথায়, ‘‘আগের আমলে রাজ্যে উন্নয়ন যে ভাবে হওয়া উচিত ছিল, সে ভাবে হয়নি। আমরা বিভিন্ন ক্ষেত্রে অতীতে সকলের আগে ছিলাম। এখন অনেক পিছিয়ে গিয়েছি। তবে পুনরুদ্ধারের প্রয়োজন।’’ শুধু স্বচ্ছতা নয়, রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রেও জোর দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘আমাদের পাওয়ার সেক্টরে অনেক কাজ করতে হবে। অনেক জায়গায় বেশি বেশি বিদ্যুতের বিল আসছে। তা রোধ করতে হবে। তার জন্য কেন্দ্রের সূর্যঘর প্রকল্পের উপর কাজ হওয়া উচিত।’’
Hindustan TV Bangla Bengali News Portal