প্রসেনজিৎ ধর, কলকাতা :- দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক যুবক ও এক তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে পুলিশ ফ্ল্যাট থেকে দেহ দু’টি উদ্ধার করে। একইসঙ্গে সেখান থেকে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত থাকা আরও দুই যুবককে মদ্যপ অবস্থায় আটক করা হয়েছে। কীভাবে ওই দুই তরুণ-তরুণীর মৃত্যু হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম মহম্মদ দিলশাহ। তাঁর বাড়ি তিলজলা এলাকায়। তবে গল্ফগ্রিনের ওই ফ্ল্যাটে তাঁর নিয়মিত যাতায়াত ছিল বলে জানা গিয়েছে। তদন্তকারীদের অনুমান, ফ্ল্যাটটি সম্ভবত তাঁরই ভাড়া নেওয়া ছিল। পরিচিতদের নিয়ে মাঝেমধ্যেই সেখানে আসতেন বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে।রবিবার সকালে ওই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় দিলশাহ এবং এক তরুণীর দেহ। তরুণীর পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। তাঁদের মধ্যে কী সম্পর্ক ছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে।
দেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে আরও দুই যুবক উপস্থিত ছিলেন। তাঁদের মদ্যপ অবস্থায় পাওয়া যায়। পরে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় তাঁদের কোনও ভূমিকা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। কেন চারজন ওই ফ্ল্যাটে একত্রিত হয়েছিলেন এবং মৃত্যুর আগে সেখানে ঠিক কী ঘটেছিল, সেই উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। ফলে মৃত্যুর নেপথ্যে অতিরিক্ত মাদক সেবন, নেশাজনিত অসুস্থতা নাকি অন্য কোনও অপরাধমূলক কারণ রয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, গল্ফগ্রিনের বহু ফ্ল্যাট দীর্ঘদিন ধরে মালিকদের অনুপস্থিতিতে ভাড়া দেওয়া হয়। ফলে বাইরের লোকজনের যাতায়াত বেড়েছে। এ নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও যথাযথ নজরদারি হয়নি বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
Hindustan TV Bangla Bengali News Portal