নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বিখ্যাত ঠিকানার বাড়িটি সম্পূর্ণ বৈধ নিয়ম মেনেই তৈরি। সেখানে কোনও বেআইনি নির্মাণ হয়নি- এই জোরালো দাবি তুলে এবার আইনি লড়াইয়ে নামলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়| কলকাতা পুরসভার পাঠানো নোটিসকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বন্দ্যোপাধ্যায় দম্পতি । পুরসভার ওই নোটিস বাতিলের আর্জি জানিয়ে উচ্চ আদালতে একটি মামলা দায়ের করেছেন তাঁরা। আগামী বুধবার হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, কোনও বেআইনি নির্মাণকে রেয়াত করা হবে না। ইতিমধ্যেই রাজ্যের একাধিক প্রান্তে চলেছে বুলডোজার। দিন কয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় পুরসভার তরফে নোটিস দেওয়া হয়। পুরসভার তরফে জানা যায়, হরিশ মুখার্জী রোডের শান্তিনিকেতন, ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডের ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ হরিশ মুখার্জি রোডের বাড়ি, কলকাতার ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে অবৈধ নির্মাণ সংক্রান্ত নোটিস দেওয়া হয়। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি বৈধ, এই দাবি করে পুরসভার নোটিস খারিজের আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেকের বাবা-মা অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা জানান, তাঁদের ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি বৈধভাবে নির্মিত।
Hindustan TV Bangla Bengali News Portal