দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মী সংগঠনের বৈঠক। প্রায় ১ ঘণ্টা ধরে সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে এদিন মুখ্যমন্ত্রীর বৈঠক হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, ‘আগের সরকার ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ও মানেনি। সুপ্রিম কোর্ট যা বলেছে, তা মেনেই কাজ করবে সরকার। মুখ্যসচিব, অর্থ সচিবকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগের সরকার কী করেছেন, তা ভুলে যান। এরিয়ার নিয়ে এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।’
সরকারের এই সদর্থক ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে দীর্ঘকাল ধরে আন্দোলনরত কর্মচারী সংগঠনগুলি ৷ সোমবার হাওড়ার প্রশাসনিক ভবনে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানান সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ ৷
দীর্ঘদিন ধরে চলা আইনি জট এবং আন্দোলনের আবহে এদিনের বৈঠক ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷ বৈঠক শেষে বেরনোর পর রীতিমতো আশার কথা শোনা গিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ-সহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিদের মুখে ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভাস্কর ঘোষ বলেন, “দীর্ঘ ১৫ বছর পর রাজ্য সরকার, কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসার যে সদিচ্ছা দেখিয়েছে, আমরা সরকারের সেই ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানাচ্ছি ৷ মুখ্যমন্ত্রী আমাদের দাবি ও অভাব-অভিযোগ অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন এবং সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া ডিএ মেটানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন ৷ আমরা আশা করছি, প্রশাসনিক স্তরে এই আলোচনা সদর্থক রূপ পাবে এবং দ্রুত এই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হবে ৷”এদিনের বৈঠকে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল বকেয়া ডিএ এবং সুপ্রিম কোর্টে চলমান আইনি লড়াইয়ের উপর ৷ কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন, ডিএ মামলা নিয়ে সরকার এবার সংঘাতে না-গিয়ে সমাধানের পথে হাঁটতে চাইছে ৷ সুপ্রিম কোর্টের রায় অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে মুখ্যমন্ত্রী তাঁর স্বাগত ভাষণে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ৷ বকেয়া ডিএ-র পরিমাণ নির্ধারণের বিষয়ে ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ বর্তমানে বকেয়া থাকা ৪২ শতাংশ ডিএ একলপ্তে না-হলেও, তা ধাপে ধাপে মেটানোর আশ্বাস মিলেছে|
Hindustan TV Bangla Bengali News Portal