প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিংকে এবার গ্রেফতার করল পুলিশ। তোলাবাজি, প্রতারণা এবং বিভিন্ন প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার নারকেলডাঙা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।জানা গেছে, একাধিক অভিযোগের ভিত্তিতে নারকেলডাঙা থানার পুলিশ কাউন্সিলর শচীন সিংকে গ্রেফতার করে। গ্রেফতারির পর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে শিয়ালদহ আদালতে পেশ করার প্রস্তুতি শুরু হয়। এদিকে, এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাড়ির সামনে জড়ো হতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ক্ষুব্ধ জনতা কাউন্সিলরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এলাকায় উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছয় যে, তাঁর বাড়ির দিকে পাথর এবং ঢিল ছোড়ার ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।রাজ্যে পালাবদলের পর রাজ্যজুড়ে বহু তৃণমূল কাউন্সিলরকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন আগে কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়। আলিপুর আদালতে তোলার সময় তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম ও জুতো। এমনকী চোর চোর স্লোগানও ওঠে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় নিজের রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ধরনের বেআইনি আর্থিক লেনদেন চালিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত কাউন্সিলর। নির্মাণকাজ, সরকারি প্রকল্প এবং বিভিন্ন পরিষেবা সংক্রান্ত কাজে সাধারণ মানুষের কাছ থেকে জোর করে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।এছাড়াও একাধিক উন্নয়নমূলক প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ সামনে এসেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন সময় অর্থ দাবি করা হত। সেই অভিযোগ নিয়েই দীর্ঘদিন ধরে এলাকায় ক্ষোভ জমছিল বলে জানা গিয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal