Breaking News

দলের শীর্ষ নেতৃত্বকে নিশানা, মেয়রের ভূমিকা নিয়েও ক্ষোভ! কলকাতা পুরসভায় পদত্যাগ করলেন মেয়র পারিষদ তারক সিং

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :-বিধানসভা ভোটে দলের হারের পর থেকে বহু তৃণমূলের কাউন্সিলর পদত্যাগ করা শুরু করেছেন। সেই তালিকায় এ বার নাম জুড়ল কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংহেরও। দল এবং মেয়রের বিরুদ্ধে আঙুল তুলে পদ ছাড়লেন তিনি।এর আগে তারক সিং বলেছিলেন, “আমরা যখন অত্যাচারিত হচ্ছি তখন দলের কেউ একজনও ফোন করে খোঁজ নিচ্ছে না। যাঁরা আমাদের প্রোটেকশন দিতে পারছে না, নিজেদের প্রটেকশন যদি নিজেদেরই নিতে হয়, তাহলে ওই মিটিংয়ে গিয়ে কী হবে? তাই যাইনি।” কিছুদিন ধরেই সংবাদমাধ্যমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছিলেন তারক সিং। সরাসরি নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুলছিলেন তারক। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি বলেছিলেন, ‘কর্মী এবং সমর্থকদের কোনওভাবেই সুরক্ষা দিচ্ছে না দলীয় নেতৃত্ব। যে কারণে ওই ঠান্ডা ঘরে বসে জ্ঞানের বাণী শোনার তাঁর কোনও ইচ্ছে নেই।’ তারক আরও বলেন, ‘যে নেতৃত্ব ব্যর্থ, যে নেতৃত্ব কর্মীর সঙ্গে থাকতে পারে না, কী করবে, আমাকে খালি দল থেকে বার করে দেবে। দেবে। আই ডোন্ট বদার।’ এ দিন পুরসভায় এসে তারক বলেন, ‘সর্বোচ্চ নেতৃত্বের বদল চাই। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে সঠিক ভাবে শাসন করেননি। অভিভাবক হিসেবে তিনি ব্যর্থ। সঠিক ভাবে শাসন করলে আজকে একজনের চুরির দায় গোটা দলকে বইতে হতো না। মমতা বন্দ্যোপাধ্যায়কেও চোর স্লোগান শুনতে হচ্ছে। উনি চোর নন। কিন্তু ভাইপোকে শাসন করেননি, ভাইপোকে বাড়তে দিয়েছেন। সেই ভাইপোর বিরুদ্ধেই চুরি দুর্নীতির অভিযোগ। সেই সব কিছুর দায় দলের সবাইকে নিতে হচ্ছে।’এ দিন মেয়রের বিরুদ্ধে ক্ষোভ উগরে তারক জানান, এখনও বর্ষার বৈঠক হয়নি। বার বার মেয়রকে বলেও কাজ হয়নি বলে জানান তিনি। তাঁর কথায়, ‘রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কলকাতার স্বার্থে কমিশনারকে জানাই। পুরসভার তেল খরচ করছি, রোজ আসছি, অথচ আমার কোনও আউটপুট নেই। এ ভাবে চলতে পারে না। আমার বিবেক আছে। তাই পদত্যাগের সিদ্ধান্ত। ১০৪ টা ওয়ার্ডে পিছিয়ে। আমি মনে করি বোর্ডের পদত্যাগ করা উচিত।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *