Breaking News

দিঘার হোটেল কক্ষে জোড়া দেহ উদ্ধার! মেঝেতে পড়ে তরুণী, পাশেই ঝুলন্ত অবস্থায় যুবকের দেহ, রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য

দেবরীনা মণ্ডল সাহা :- পূর্ব মেদিনীপুরের দিঘার একটি হোটেল থেকে পর্যটক দম্পতির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতরা হলেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বাসিন্দা সুশোভন দে (২৫) ও শিউলি নাথ দে (২৩)।পরিবার ও হোটেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দিঘায় বেড়াতে আসেন দম্পতি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশোভন ও শিউলি গত ২ জুন দিঘা মোহানার একটি হোটেলে ওঠেন। এদিন সকাল ১১টা পর্যন্ত তাঁদের কোনও সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ দিঘা মোহনা থানায় খবর দেন। পুলিশ গিয়ে ডাকাডাকি করে সাড়া না মেলায় দরজা ভেঙে রুমে ঢুকে দেখেন ভয়ঙ্কর দৃশ্য। সুশোভনের দেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এবং তাঁর স্ত্রী শিউলির দেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।তদন্তকারীদের প্রাথমিক অনুমান, স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে খুন করে আত্মহত্যা করেছেন স্বামী। কিন্তু কেন? তা নিয়ে ধোঁয়াশা। দেহ উদ্ধারের পর তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়। সদস্যরা দিঘায় পৌঁছেছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। দম্পতির মধ্যে কোনও অশান্তি ছিল কিনা, তা জানার চেষ্টা চলছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *