দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শীঘ্রই বুলেট ট্রেনের পরিষেবা পেতে চলেছেন রাজ্যবাসী। এই পরিষেবা চালু হলে মাত্র ৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি যাতায়াত করতে পারবেন যাত্রীরা। আজ নবান্ন থেকে একথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, এই বুলেট ট্রেন দিল্লি, লখনউ, বেনারস, পাটনা হয়ে শিলিগুড়িতে পৌঁছবে। এছাড়াও আগামী ৫ বছরে রাজ্যে ৬০টি নতুন ট্রেন চালুরও আশ্বাস দেন তিনি।সরকার বদলের এক মাসের মধ্যেই বাংলায় রেলের কাজে গতি। একের পর এক রেল প্রকল্প আটকে থাকায় রেলমন্ত্রীকে পাশে বসিয়ে আগের সরকারের অসহযোগিতা নিয়ে সমালোচনায় মুখর হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায় সমর্থন জানিয়ে আগের তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন তুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। সাফ বললেন, “আগের সরকার রেলের উন্নয়ন আটকে রেখে দিয়েছিল। তৃণমূল সরকার মেট্রো রেলের সুবিধা কলকাতার মানুষ যাতে না পান তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল। আজ বাংলায় যে পরিবর্তন এসেছে, তাতে প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ যাতে হয় সেটাই দেখব।”আগামী দিনে রাজ্যবাসী কী কী সুবিধা পাবেন, শুভেন্দু এরপরে একে একে তুলে ধরেন। তিনি জানান, দিল্লি থেকে লখনউ, বারাণসী হয়ে শিলিগুড়ি পর্যন্ত চলবে বুলেট ট্রেন। রাজধানী থেকে শিলিগুড়িতে পৌঁছোনো যাবে ছ’ঘণ্টায়। রাজ্যে ১০২টি নতুন অমৃত ভারত স্টেশনের আধুনিকীকরণ হবে। ৫৩৮টি উড়ালপুল, আন্ডারপাস তৈরি হবে। তৃণমূল সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘আগের সরকার রেল দফতরের সঙ্গে কথা বলেনি। রেলমন্ত্রী অনেক বার চিঠি দিয়েছেন। ওরা জবাব দেয়নি। সহযোগিতা করেনি।’’ কেন্দ্রে পূর্বতন ইউপিএ সরকারের দিকেও আঙুল তোলেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘২০০৯-২০১৪ সালে মেট্রো এবং বিভিন্ন রেল প্রকল্পে বাংলা পেয়েছিল ৪,৩৮০ কোটি টাকা। মোদীজি বাংলাকে ভালবাসেন। ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্যে রেলের প্রকল্পের জন্য তিনি দিয়েছেন ১৪,২০৫ কোটি টাকা। ঝুলে থাকা (পেন্ডিং) রেল প্রকল্পে এনওসি দিলে, জমি দিলে ১ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সুযোগ রেলের রয়েছে।’’ শুভেন্দু আরও জানান, ‘ডবল ইঞ্জিন’ সরকার আন্ডারপাসের জন্য ৪০টি এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দিয়েছিল। আগামী ৫ বছরে ৬০টি নতুন ট্রেন পাবে রাজ্য।
Hindustan TV Bangla Bengali News Portal