দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা| কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল কমিশনার স্মিতা পাণ্ডেকে পুরসভার সর্বময় ‘প্রশাসক’ হিসেবে নিয়োগ করা হয়েছে। সোমবার পুর ও নগরোন্নয়ন দফতরের জারি করা নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।শুক্রবার মেয়র পদ ছাড়েন ফিরহাদ। তার পরেই পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে কলকাতা পুরসভাকে নোটিস পাঠানো হয়েছিল। সেখানে জানতে চাওয়া হয়, মেয়রের পদ শূন্য হওয়ার পর কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না। পাশাপাশি, নতুন মেয়রের নাম সোমবারের মধ্যে জানাতেও বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নতুন মেয়রের নাম জানানো হয়নি। এর পরেই কলকাতা পুরসভা আইন, ১৯৮০-এর আওতায় পুরবোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সরকারি সূত্রের দাবি, মেয়রের পদত্যাগের পর পুরসভার স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। নাগরিক পরিষেবা প্রদানেও সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হয়। সেই কারণেই দ্রুত পদক্ষেপ করা হয়েছে বলে প্রশাসনের বক্তব্য।নোটিসে উল্লেখ করা হয়েছিল, কলকাতা পুরসভা আইন, ১৯৮০-এর ১১৭(১) ধারা অনুযায়ী কোনও পুরসভা যদি তার সাংবিধানিক ও প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়, ধারাবাহিক ভাবে কর্তব্যে গাফিলতি করে অথবা কার্যকর প্রশাসন চালাতে না পারে, সে ক্ষেত্রে রাজ্য সরকার পুরবোর্ড ভেঙে দিতে পারে। সেই আইনি ক্ষমতা প্রয়োগ করেই বর্তমান সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal