Breaking News

আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম-গোবর-টমেটো বৃষ্টি! তোলাবাজির অভিযোগে গ্রেফতার সব্যসাচীকে ঘিরে উত্তাল বিধাননগর

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- গত কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের লক্ষ্য করে বিক্ষোভের ছবি সামনে এসেছে। মঙ্গলবার সেই বিক্ষোভ আরও তীব্র আকার নেয় বিধাননগরে। তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র ও ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। পুলিশি নিরাপত্তার মধ্যেই তাঁর দিকে লক্ষ্য করে ডিম, গোবর ও টমেটো ছোড়া হয়। পাশাপাশি ওঠে একাধিক স্লোগান।
জানা গিয়েছে, সল্টলেকের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির মামলা দায়ের করে পুলিশ। অভিযোগ, ওই ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। সেই অভিযোগের তদন্তে সোমবার রাতে রাজারহাটের রাইগাছিতে সব্যসাচীর বাড়িতে অভিযান চালায় বিধাননগর উত্তর থানার পুলিশ। তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়।মঙ্গলবার সকালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হয়। আদালত সব্যসাচী দত্তকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। তবে আদালতে নিয়ে যাওয়ার আগেই থানা চত্বরে জড়ো হন বহু বিক্ষোভকারী। কারও হাতে ছিল ডিমের ট্রে, কেউ টমেটো নিয়ে এসেছিলেন, আবার কেউ গোবরও সঙ্গে এনেছিলেন। পুলিশের গাড়িতে তোলার সময়ই শুরু হয় বিক্ষোভ। একের পর এক ডিম, টমেটো ও গোবর ছোড়া হয় প্রাক্তন তৃণমূল বিধায়কের দিকে।বিক্ষোভকারীদের মুখে শোনা যায়, “চোর সব্যসাচী দূর হটো”, “চোর ধরো, জেল ভরো”, “তোলাবাজ সব্যসাচী হায় হায়”—সহ একাধিক স্লোগান। গোটা এলাকা মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, বিক্ষোভকারীদের একাংশ দাবি করেছেন, এটি কোনও হামলা নয়, বরং দুর্নীতির বিরুদ্ধে জনরোষের প্রতীকী প্রতিবাদ। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে এবং বহু মানুষের ক্ষতি হয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এই বিক্ষোভ বলে দাবি তাঁদের। সব মিলিয়ে, সব্যসাচী দত্তকে ঘিরে এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *