প্রসেনজিৎ ধর,কলকাতা :- রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড়। সরকারি অনুষ্ঠানে শিল্পীদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তো আছেই। এবার দুর্গাপুজো নিয়েও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধে। স্বামী-স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, ২০২২ সাল থেকে কলকাতার নামী দুর্গাপুজোর প্রিভিউ শো টিকিট বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন দুজনে। ইতিমধ্যেই জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি বউবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন।আগেই আন্তর্জাতিক স্তরের আর্থিক অনিয়মের বিষয়ে কলকাতার বৌবাজার থানায় একটি বিস্তারিত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ‘মেঘদূত ফাউন্ডেশন’-এর দুই কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় এবং সগুনা মুখোপাধ্যায় এই অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেন ছাড়াও এই অভিযোগে নাম রয়েছে ধ্রুবজ্যোতি বসু (শুভ), সায়ন্তন মৈত্র এবং রাজন চট্টোপাধ্যায় নামে আরও তিন ব্যক্তির।দাবি, সম্পূর্ণ বেআইনিভাবে ইউনেস্কোর লোগো ও নাম ভাঙিয়ে পুজোর আগের প্রিভিউ শোয়ের জন্য চড়া দামে ভিআইপি প্রিভিলেজড টিকিট বিক্রি করা হচ্ছিল। অথচ ইউনেস্কো এই ধরনের কোনও বাণিজ্যিক চুক্তি কোনওদিনই করেনি। নিজেদের দাবির সপক্ষে প্রমাণও পুলিশের হাতে তুলে দিয়েছে ওই সংস্থা। অভিযোগপত্রের সঙ্গে অফিশিয়াল ইমেল এবং একগুচ্ছ আইনি নথিপত্র জমা দেওয়া হয়েছে। সেই সব নথিতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, এই ধরনের টিকিট বিক্রির বা বাণিজ্যিক কর্মকাণ্ডের সঙ্গে ইউনেস্কোর দূর-দূরান্তের কোনও সম্পর্ক নেই। ফলে মন্ত্রীর পরিবারের নাম জড়িয়ে যে চক্রটি সক্রিয় হয়েছিল, তা সম্পূর্ণ জালিয়াতি ও প্রতারণার ওপর দাঁড়িয়ে রয়েছে বলেই দাবি করা হয়েছে।অভিযোগকারীদের বক্তব্য, কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কো আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে মান্যতা দেওয়ার পর থেকেই কিছু অসাধু মাথা একে মুনাফা লোটার হাতিয়ার বানাতে চাইছে। মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রীর ছত্রছায়ায় পুজোর মরসুমকে সামনে রেখে এই আন্তর্জাতিক স্তরের অবৈধ বাণিজ্য চক্রটি গড়ে উঠেছিল বলে অভিযোগ। পুজো মণ্ডপগুলিতে সাধারণ মানুষের ঢল নামার আগেই ‘প্রিভিলেজড এন্ট্রি’ বা আগাম ঠাকুর দেখার পাইকারি টিকিট বিক্রি করে বিপুল টাকা তোলার ছক কষা হয়েছিল।
Hindustan TV Bangla Bengali News Portal