প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের প্রথম বিজেপি সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর পশ্চিমবঙ্গের আর্থিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়েছেন, সাধারণ মানুষের উপর নতুন করে করের বোঝা চাপানোর বদলে রাজস্ব আদায়ের ঘাটতি দূর করা এবং বিভিন্ন ক্ষেত্রে থাকা ‘লিকেজ’ বন্ধ করাই হবে সরকারের প্রধান লক্ষ্য।
স্বপন দাশগুপ্ত বলেন, এই মুহূর্তে রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুব একটা আশাব্যঞ্জক নয়। তাই নতুন কর আরোপের পরিবর্তে যে রাজস্ব আদায় হওয়ার কথা, তা সঠিকভাবে আদায় নিশ্চিত করতেই জোর দেওয়া হবে। তাঁর মতে, বিভিন্ন ক্ষেত্রে রাজস্ব আদায়ের যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও সেই অনুযায়ী আয় হচ্ছে না, ফলে কোষাগারে বড়সড় ঘাটতি তৈরি হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমানে রাজ্যের আয়ের একটি বড় অংশ মদ ও পেট্রল থেকে আসে। ভবিষ্যতে আয়ের উৎস আরও বিস্তৃত করার পাশাপাশি রাজস্ব সংগ্রহ ব্যবস্থাকে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রশাসনিক স্তরে কোথাও কোনও ত্রুটি বা ফাঁকফোকর থাকলে তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সামাজিক প্রকল্প নিয়েও মন্তব্য করেছেন স্বপন দাশগুপ্ত। তাঁর দাবি, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা ও অন্নপূর্ণা ভাতার পরিমাণ বৃদ্ধি করা হবে। একই সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের তালিকা খতিয়ে দেখে প্রকৃত সুবিধাপ্রাপকদের কাছে সরকারি সাহায্য পৌঁছে দেওয়ার উপর জোর দেওয়া হবে, যাতে অপ্রয়োজনীয় খরচ কমানো যায়।
আসন্ন রাজ্য বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, এটি মূলত আট মাসের একটি সংক্ষিপ্ত বাজেট হবে এবং দ্রুত তা পেশ করতে হবে। জিএসটি ব্যবস্থার কারণে রাজ্যের আর্থিক নীতির কিছু বিষয় সরাসরি সরকারের নিয়ন্ত্রণে নেই বলেও তিনি উল্লেখ করেন। অন্যদিকে, দীর্ঘদিনের ডিএ বকেয়া নিয়ে প্রশ্ন করা হলে স্বপন দাশগুপ্ত বলেন, বিষয়টির গুরুত্ব সরকার ভালোভাবেই জানে এবং ধাপে ধাপে সমস্যার সমাধানের পথ খোঁজা হবে। তাঁর কথায়, রাজ্যের আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে এনে অর্থনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করানোই এখন সরকারের সবচেয়ে বড় কাজ |
Hindustan TV Bangla Bengali News Portal