Breaking News

আদালতের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের আগেই ভবানী ভবনে অভিষেক, সই জাল কাণ্ডে শুরু CID-র জিজ্ঞাসাবাদ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নির্ধারিত সময়সীমার আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিট নাগাদ তাঁর কনভয় সিআইডি সদর দফতরে পৌঁছয়। সেখানে উপস্থিত সাংবাদিকদের কোনও প্রতিক্রিয়া না জানিয়েই তিনি প্রথমে ভবনের ভিতরে প্রবেশ করেন। পরে নিয়ম মেনে প্রধান ফটকে এসে উপস্থিতির নথিতে স্বাক্ষর করে ফের দফতরের ভিতরে যান।
এর আগে বিকেল সাড়ে চারটে নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামেন অভিষেক। সেখান থেকে সরাসরি শহরের উদ্দেশে রওনা হয়ে প্রথমে কালীঘাটের বাড়িতে যান। প্রায় ১৫ মিনিট বাড়িতে কাটানোর পর সেখান থেকে ভবানী ভবনের উদ্দেশে রওনা দেন তিনি।বিধানসভার সই জাল-কাণ্ডের তদন্তে অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিআইডি। এর আগে একাধিকবার তিনি হাজিরা এড়িয়েছিলেন। একবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন, আবার অন্য একবার রাজনৈতিক কর্মসূচির কারণে শহরের বাইরে থাকার কথা জানিয়েছিলেন। এরই মধ্যে সম্ভাব্য গ্রেফতারের আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে রক্ষাকবচ চেয়েছিলেন তিনি।বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে মামলার শুনানিতে আদালত অভিষেককে সন্ধ্যা ৬টার মধ্যে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেয় এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করার কথা জানায়। একইসঙ্গে আদালত স্পষ্ট করে দেয়, আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না সিআইডি। আগামী দু’সপ্তাহ পর্যন্ত সেই সুরক্ষা বহাল থাকবে। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে দু’সপ্তাহ পরে।অন্যদিকে, শুনানির আগেই অভিষেকের মামলার দায়িত্ব থেকে সরে দাঁড়ান তাঁর আইনজীবী তথা দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে অভিষেকের আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, অভিষেক থাকলে তাঁর পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে কাজ করা সম্ভব নয়। এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।হাইকোর্টের নির্দেশের পর অভিষেকের হাজিরা প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় ভবানী ভবনের নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী ও র‌্যাফ মোতায়েন করা হয়। সম্ভাব্য অশান্তি মোকাবিলায় কাঁদানে গ্যাসের ব্যবস্থাও রাখা হয়েছিল। অভিষেকের আগমনকে ঘিরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করতেই কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে সিআইডি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *